২৪ঘণ্টা অনলাইন : স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতে এক পয়সার দুর্নীতিও সহ্য করা হবে না। জনগণের অর্থের প্রতিটি পয়সা স্বচ্ছতার সঙ্গে চিকিৎসাসেবায় ব্যয় নিশ্চিত করবে সরকার।
১৬ অক্টোবর সন্ধ্যায় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের ৩২তম ডিএনএমসি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
ড. এম এ মুহিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। স্বাস্থ্য খাতে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি যত প্রভাবশালীই হোন, তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে এ খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানেও টানা ১২ বছর আয়কর দেওয়া হয়নি বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার ও নতুন গভর্নিং বডি দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানের পুঞ্জীভূত দায় পরিশোধ করছে।
স্বাস্থ্য খাত পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বাজেটের অর্থ নতুন চিকিৎসক ও নার্স নিয়োগ, বিনামূল্যে ওষুধ সরবরাহ এবং সাধারণ ও দরিদ্র মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যয় করা হবে। দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো খাতেই টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
