২৪ঘণ্টা অনলাইন : জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে সচিবালয়ের মিনি কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিনও উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ ৩৯টি মন্ত্রণালয়ের প্রায় ৩০০ জন চালকের চোখ পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী তাঁদের বিনা মূল্যে চশমা দেওয়া হবে।
পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি চলবে ১৮ ও ১৯ অক্টোবর এবং ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের আশা, চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা সরবরাহের মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদারে সহায়তা মিলবে।
