২৪ঘণ্টা অনলাইন : দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম। ১৯ অক্টোবর ছুটির আগে শেষ কার্যদিবস। এরপর মঙ্গলবার থেকে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোব পর্যন্ত তিন দিন ব্যাংক বন্ধ থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের বিরতি পড়বে ব্যাংকিং কার্যক্রমে।
ছুটির আগে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গত ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনেও ব্যাংক খোলা রাখা হয়েছিল। ওই দিন অন্যান্য কর্মদিবসের মতো ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়।
ব্যাংক বন্ধ থাকার কারণে দেশের দুই শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময় লেনদেন বন্ধ থাকবে।
তবে ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু থাকবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
