২৪ঘণ্টা অনলাইন : শারদীয় দুর্গাপূজার উৎসবের আমেজে মেতে উঠেছেন ঢাকাই শোবিজের তারকারা। ঐতিহ্যবাহী সাজে একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি।
১৮ অক্টোবর সপ্তমীর সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন তিনি। বাঙালির ঐতিহ্যবাহী সাজে সেমন্তীর উপস্থিতি মুগ্ধ করেছে ভক্ত ও নেটিজেনদের।
ছবিতে সেমন্তীকে লাল পাড়ের সাদা শাড়িতে দেখা গেছে। শাড়িতে ছিল সূক্ষ্ম সোনালি নকশার কাজ। সঙ্গে ভারী স্বর্ণালংকার, কানে ঝুমকা, গলায় কয়েক স্তরের মুক্তার মালা এবং কোমরে বিছা তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা।
খোঁপা করা চুলে ফুল ও গয়না এবং হাতের আঙুলে আলতার রং তাঁর শারদীয় সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিভিন্ন ভঙ্গিতে তোলা ছবিতে কখনো হাসিমুখে চুল ঠিক করতে, আবার কখনো হাতের অলংকার ও আলতায় রাঙানো আঙুলের সৌন্দর্য তুলে ধরতে দেখা গেছে তাঁকে।
সেমন্তীর প্রকাশিত ছবিগুলোতে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। মন্তব্যের ঘরে তাঁকে জানিয়েছেন শারদীয় শুভেচ্ছা ও ভালোবাসা।
এর আগে দুর্গাপূজা উপলক্ষে নিজেদের নতুন ছবি প্রকাশ করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পূজা চেরিও।
উৎসবের আনন্দে তারকাদের এমন বর্ণিল আয়োজন দুর্গাপূজার আমেজকে আরও রঙিন করে তুলেছে।
