শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩

যোগ্যতা দেখে মনোনয়ন দেয় না দল: তাসনিম জারা

প্রকাশিত - ২৩ অক্টোবর, ২০২৬   ০৩:২৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন ডেস্ক : রাজনৈতিক দলগুলো ভালো বা যোগ্য মানুষ বিবেচনা করে মনোনয়ন দেয় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তাঁর মতে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে গেলেও নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়।

২২ অক্টোবর সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে তাসনিম জারা লেখেন, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের একটি বক্তব্যের সঙ্গে তিনি একমত। স্পিকার বলেছিলেন, ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। তবে শুধু আক্ষেপ না করে নিজের অবস্থান থেকে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

সংসদ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করতে সম্পদের তথ্য প্রকাশের ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন তাসনিম জারা। তিনি বলেন, সংসদের প্রায় ৬০ শতাংশ সদস্য ব্যবসায়ী এবং প্রায় ৮০ শতাংশ কোটিপতি। ব্যবসায়ী বা কোটিপতি হওয়া দোষের নয়, তবে তাঁদের সম্পদের উৎস বৈধ কি না, তা জানা প্রয়োজন।

তাঁর অভিযোগ, অনেক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দামি গাড়ি, ঘড়ি ও ফ্ল্যাটের মতো সম্পদের মালিক হন। এসব উপহার কে দিচ্ছেন এবং এর বিনিময়ে কোনো সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা জানার সুযোগ সাধারণ মানুষের নেই।

এ পরিস্থিতি মোকাবিলায় সংসদ সদস্যদের সম্পদ, ব্যবসায়িক অংশীদারত্ব, উপহার এবং অন্যের অর্থায়নে বিদেশ সফরের তথ্য নিয়মিত নথিভুক্ত করে অনলাইনে প্রকাশের প্রস্তাব দেন তিনি।

তাসনিম জারা বলেন, বর্তমানে নির্বাচনের আগে দেওয়া হলফনামার মাধ্যমে এসব তথ্য জানার সুযোগ থাকলেও তা নিয়মিত হালনাগাদ হয় না। তাঁর মতে, সংসদ সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হলে দুর্নীতি করা কঠিন হবে এবং জবাবদিহি বাড়বে।

তিনি যুক্তরাজ্যের সংসদ সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশের ব্যবস্থার উদাহরণ তুলে ধরে বলেন, বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা চালু করা যেতে পারে। সংসদের নিয়মকানুনসংক্রান্ত কমিটির মাধ্যমে স্পিকার এ বিষয়ে উদ্যোগ নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে ২১ অক্টোবর ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই এবং সংসদে রাজনীতি করার উপযুক্ত পরিবেশও তৈরি করা যায়নি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন