২৪ঘণ্টা অনলাইন : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বাঘের আক্রমণে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় বাঘটিকে তাড়াতে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
২৫ অক্টোবর বিকেলে আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), নজরুল ইসলাম ও আফসার আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শরিফা বেগম ধানক্ষেতে ছাগল খুঁজতে গিয়ে সীমান্তের কাছে একটি বাঘকে ছাগলের ওপর আক্রমণ করতে দেখেন। এ সময় ভয়ে চিৎকার করলে বাঘটি তাঁকে ধাওয়া করে আক্রমণ করে। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে বাঘটি তাঁদের ওপরও হামলা চালায়। এতে তিনজন আহত হন। পরে স্থানীয়দের ধাওয়ায় বাঘটি সীমান্তের দিকে পালিয়ে যায়।
আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মামুন রহমান জানান, বাঘের আক্রমণে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বিজিবি সদস্যরাও রয়েছেন।
