রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

প্রকাশিত - ২৫ অক্টোবর, ২০২৬   ০৭:৫৫ পিএম
webnews24

৪ঘণ্টা অনলাইন : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। এ উপলক্ষে দ্বীপে পর্যটকদের যাতায়াত, জাহাজ চলাচল, দৈনিক পর্যটকের সংখ্যা ও পরিবেশ সংরক্ষণ ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার।

২৫ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন এবং আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে এসব নির্দেশনা দেওয়া হয়। পরিবেশগতভাবে সংকটাপন্ন এই দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। তবে পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বীপে চলাচলের জন্য কোনো নৌযানকে অনুমতি দিতে পারবে না।

এবার পর্যটকবাহী জাহাজ টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে চলাচল করবে। দ্বীপের ওপর পর্যটকদের চাপ কমাতে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ জন পর্যটক যাওয়ার সুযোগ পাবেন।

সেন্টমার্টিন ভ্রমণে প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। পরিবেশ অধিদপ্তর পরিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর ২৬ বিধি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনাগুলোও বহাল থাকবে।

সরকারের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, কক্সবাজারের পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন