বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

পোশাকশিল্পে জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত - ২৮ অক্টোবর, ২০২৬   ১০:৩৭ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ বাড়ানোর জন্য জাপানের বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল ও পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

২৮ অক্টোবর জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিংয়ের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত সরকার।

এ লক্ষ্যে বিনিয়োগের জন্য জমির ব্যবস্থা, অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং প্রশাসনিক সহযোগিতা দেওয়ার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন এবং উন্নত উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়া, উচ্চমূল্য সংযোজনকারী পোশাক এবং প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ। এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাপানি প্রতিনিধিদলে আরও ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
একই সঙ্গে তিনি জাতীয় উন্নয়নে তারেক রহমান সরকারের প্রচেষ্টার প্রতি জোরালো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের জাপান সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর টোকিওতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক দেশটির কার্যালয় ‘কান্তেই’তে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, এবং অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ, বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠা, ছয়টি বিভাগীয় শহরে দ্রুতগতির রেল নেটওয়ার্ক ও উড়াল সড়ক নির্মাণে জাপানের সহযোগিতা কামনা করেন। এছাড়া বৈঠকে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বেসরকারি বিনিয়োগের আলোচনা, রোহিঙ্গা সংকট সমাধান এবং প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।