২৪ঘণ্টা অনলাইন : ইয়েমেনের এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ দিয়েছে হুথি বিদ্রোহীরা। বিমানবন্দরে সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমান অবতরণ করেছে দাবি করে সেটিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।
২৮ অক্টোবর হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বিমানবন্দরে অবস্থানরত সবাইকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন।
বার্তায় তিনি দাবি করেন, এডেন বিমানবন্দরে সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমান রয়েছে। বিমানটি ইয়েমেনের জনগণকে হত্যার কাজে ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহ করছে বলেও অভিযোগ করেন তিনি।
ইয়েমেনের রাজধানী সানা হলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে। দেশটির চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দর ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
এর আগে, কয়েক সপ্তাহ আগে এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। ওই সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী। তবে হামলায় প্রেসিডেন্সিয়াল গার্ডের অন্তত চার সদস্য নিহত হন।
