২৪ঘণ্টা অনলাইন : রাশিয়া থেকে ডিজেল সরবরাহ নিয়ে আলোচনার অংশ হিসেবে দেশটির রাষ্ট্রসমর্থিত বিনিয়োগ তহবিলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
২৮ অক্টোবর দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার কর্মকর্তারা ওয়াশিংটনের কাছে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহ সহজ করার ক্ষেত্রেও তহবিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন পর্যালোচনা করা হচ্ছে। এ উদ্যোগের লক্ষ্য যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের উন্নয়ন এবং ইউক্রেন যুদ্ধের অবসানে সহায়তা করা।
তহবিলটির প্রধান কিরিল দিমিত্রিয়েভেরও প্রশংসা করেছেন ওই মার্কিন কর্মকর্তা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক বিশেষ দূত দিমিত্রিয়েভকে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ক্ষেত্রে মার্কিন প্রতিনিধিদের জন্য সহায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর কয়েক দিনের মধ্যেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আরডিআইএফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওয়াশিংটন তহবিলটিকে পুতিনের ‘গোপন অর্থের ভাণ্ডার’ হিসেবে আখ্যা দিয়েছিল।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ মস্কো-ওয়াশিংটন সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
