সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক ফেরির নতুন যুগ, উড়বে পানিতে

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৬   ১২:৩৫ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: পানির ওপর দিয়ে ছুটবে, আবার বিশেষ প্রযুক্তির সাহায্যে পানির ওপর ভেসে উড়তেও পারবে—এমন বৈদ্যুতিক ফেরি নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে। ডিজেলচালিত ফেরির বিকল্প হিসেবে ব্যাটারিচালিত নৌযান চালুর উদ্যোগ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এতে একদিকে যেমন জ্বালানি খরচ কমতে পারে, অন্যদিকে কমবে পরিবেশদূষণও।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক হারবারে স্ট্যাচু অব লিবার্টির পাশ দিয়ে চলার সময় এমনই একটি বৈদ্যুতিক নৌযানে চড়েছিলেন জলযান নির্মাতা প্রতিষ্ঠান ভেসেভের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা এরিক লাকম্যান। নৌযানটি কাছের একটি পর্যটকবাহী ফেরির যাত্রীদেরও কৌতূহলের কারণ হয়ে ওঠে। ভেসেভের তৈরি এসব নৌযানে ব্যবহার করা হয়েছে হাইড্রোফয়েল প্রযুক্তি। এতে নৌযানের তলায় থাকা ডানার মতো বিশেষ অংশ পানির নিচে থেকে গতি বাড়ার সঙ্গে সঙ্গে মূল কাঠামোকে পানির ওপরে তুলে ধরে। ফলে পানির সঙ্গে ঘর্ষণ ও বাধা কমে যায়। নৌযানটি তখন অনেকটা পানির ওপর ভেসে চলার মতো গতিতে এগিয়ে যায়।

এরিক লাকম্যানের ভাষ্য, গতি বাড়ানোর পর নৌযানটির মূল কাঠামো পানির প্রায় দেড় ফুট ওপরে উঠে আসে। এতে ঢেউয়ের সঙ্গে ধাক্কা খেয়ে চলার বদলে যাত্রা অনেক বেশি মসৃণ হয়ে ওঠে। বৈদ্যুতিক নৌযান তৈরির অন্যতম চ্যালেঞ্জ হলো ব্যাটারির ওজন। ব্যাটারি ভারী হওয়ায় নৌযানের ওজন বেড়ে যায়। আবার পানির বাধা অতিক্রম করতেও প্রচুর শক্তি প্রয়োজন হয়। ফলে বৈদ্যুতিক নৌযানের চলার দূরত্ব ও কার্যকারিতা সীমিত হয়ে পড়ে। হাইড্রোফয়েল প্রযুক্তি এ সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারে। নৌযানের বড় অংশ পানির ওপরে উঠে থাকায় পানির সঙ্গে ঘর্ষণ কম হয়। এতে কম শক্তি ব্যবহার করে বেশি গতিতে চলা সম্ভব হয়।

ভেসেভের দাবি, তাদের নকশা পানির বাধা প্রায় ৬৬ শতাংশ কমাতে পারে। এতে তুলনামূলক ছোট ব্যাটারি ব্যবহার করেও নৌযান চালানো সম্ভব হয়। ফলে ব্যাটারির ওজন ও খরচ কমে আসে।তবে শুধু ডিজেল ইঞ্জিনের বদলে বৈদ্যুতিক মোটর বসালেই একটি নৌযান পুরোপুরি কার্যকর হয়ে ওঠে না। কত দূর চলতে হবে, কতজন যাত্রী বহন করতে হবে, কত দ্রুত চার্জ দেওয়া সম্ভব এবং নৌযান কতটা ওজন বহন করতে পারবে— এসব বিষয়ও বিবেচনায় নিতে হয়।

ভেসেভ বর্তমানে নিউজিল্যান্ডে যাত্রী পরিবহনসেবা পরিচালনা করছে। অস্ট্রেলিয়াতেও কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। যুক্তরাষ্ট্রে তাদের প্রথম সেবা চালুর পরিকল্পনা রয়েছে লেক তাহো এলাকায়। এরিক লাকম্যান মনে করেন, ভবিষ্যতে বৈদ্যুতিক নৌযান শুধু বিশেষ আকর্ষণ হিসেবে নয়, নিয়মিত গণপরিবহনের অংশ হয়ে উঠতে পারে। পানিপথে এসব নৌযান বাস, পাতালরেল কিংবা ট্যাক্সির মতোই সাধারণ পরিবহনব্যবস্থায় জায়গা করে নিতে পারে বলে তার প্রত্যাশা।

পানিপথ ব্যবহার করে যানজটপূর্ণ সড়কে অতিরিক্ত গাড়ি না বাড়িয়েও যাত্রী পরিবহন করা সম্ভব। পাশাপাশি বিদ্যুৎচালিত নৌযান ডিজেল পোড়ানো ফেরির ধোঁয়া ও দূষণ কমাতে পারে। যুক্তরাষ্ট্রে পরিবহন খাত গ্রিনহাউস গ্যাস নিঃসরণের সবচেয়ে বড় উৎস। সড়কযানের পাশাপাশি জাহাজ ও অন্যান্য জলযানও জীবাশ্ম জ্বালানি পোড়ায়। ফলে ডিজেলচালিত ফেরির পরিবর্তে বৈদ্যুতিক নৌযান চালু হলে ব্যস্ত নৌবন্দর এলাকার বায়ুর মান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ প্রযুক্তি নিয়ে কাজ করছে সুইডিশ প্রতিষ্ঠান ক্যান্ডেলাও। স্টকহোমে তাদের তৈরি বৈদ্যুতিক হাইড্রোফয়েল ফেরিতে ইতোমধ্যে যাত্রী পরিবহন করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত একই ধরনের নৌযানের তুলনায় তাদের প্রযুক্তিতে শক্তি খরচ সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। উপকূলীয় পরিবহনসেবার জন্য নরওয়ে প্রতিষ্ঠানটির কাছ থেকে ২০টি বৈদ্যুতিক হাইড্রোফয়েল নৌযান নেওয়ার আদেশ দিয়েছে।

সান ফ্রান্সিসকোতেও চালু হচ্ছে বৈদ্যুতিক ফেরি

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বছরে প্রায় ৩৫ লাখ যাত্রী পরিবহন করে শহরটির সবচেয়ে বড় ফেরি পরিচালনাকারী সংস্থা। সংস্থাটির প্রধান সীমাস মারফি জানান, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য বহু মানুষ ফেরির ওপর নির্ভর করেন।তবে বর্তমানে সংস্থাটির বহরে থাকা ১৮টি ফেরিই জীবাশ্ম জ্বালানিচালিত। এ পরিস্থিতি বদলাতে আগামী দুই বছরে চারটি ব্যাটারিচালিত ফেরি যুক্ত করার প্রস্তুতি চলছে। এ জন্য প্রায় ৫০ কোটি ডলারের বৈদ্যুতিক রূপান্তর প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় ফেরিঘাটে চার্জ দেওয়ার অবকাঠামোও তৈরি করা হবে।

নির্দিষ্ট সময়সূচি মেনে একের পর এক যাত্রা সম্পন্ন করতে হয় বলে ফেরির ব্যাটারিতে পর্যাপ্ত শক্তি থাকা জরুরি। পাশাপাশি ঘাটে অবস্থানের সময় দ্রুত চার্জ দেওয়ার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ জন্য নৌযানের চলার দূরত্ব, যাত্রার সময়সূচি ও চার্জিং সক্ষমতার মধ্যে সমন্বয় প্রয়োজন।সান ফ্রান্সিসকোর নতুন ফেরিগুলোতে আপাতত হাইড্রোফয়েল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। তবে সংস্থাটির দাবি, এগুলো চালু হলে যুক্তরাষ্ট্রে তারাই হবে প্রথম সংস্থা, যারা উচ্চগতির সম্পূর্ণ বৈদ্যুতিক ফেরি পরিচালনা করবে।

শুরুতে ব্যয় বেশি, দীর্ঘ মেয়াদে সাশ্রয়ের আশা

বৈদ্যুতিক ফেরি চালুর ক্ষেত্রে বড় বাধা প্রাথমিক বিনিয়োগ। নতুন নৌযান কেনার পাশাপাশি চার্জিং অবকাঠামো নির্মাণেও বিপুল অর্থ প্রয়োজন। তবে বৈদ্যুতিক মোটর সাধারণত ডিজেল ইঞ্জিনের তুলনায় বেশি দক্ষ। ফলে দীর্ঘ মেয়াদে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমতে পারে। সীমাস মারফির মতে, শুরুতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হলেও সময়ের সঙ্গে পরিচালন ব্যয় কমে আসবে। ডিজেলের বাড়তি দাম এবং ব্যাটারি প্রযুক্তির উন্নতি বৈদ্যুতিক ফেরির পক্ষে অর্থনৈতিক যুক্তি আরও শক্তিশালী করেছে।তবে সব নৌপথের জন্য বৈদ্যুতিক ফেরি উপযোগী নয়। দীর্ঘ দূরত্ব, ব্যস্ত সময়সূচি, ব্যাটারির ওজন ও দাম এবং চার্জ দেওয়ার সীমিত সুযোগ— এসব বিষয় রূপান্তরের পথে চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এমন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে এআই।অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এমন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এআই প্রযুক্তির সাহায্যে নকশা করা একটি ভাইরাস পরীক্ষামূলকভাবে এক রোগীর শরীরে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে ছেলেদের চেয়ে ৮.৫৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে জিপিএ-৫ অর্জনে ৬৪২ জনের ব্যবধানে এগিয়ে ছাত্ররা।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যেতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে নতুন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বাংলাদেশে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা থাকলেও এখনো এ খাতের পূর্ণ সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয়নি। বিশেষ করে শিল্পকারখানা, বাণিজ্যিক ভবন এবং আবাসিক স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণের সুযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ সংরক্ষণের জন্য আধুনিক ব্যাটারি প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। এতে দিনের বেলায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ পরবর্তী সময়ে ব্যবহার করা সম্ভব হবে। তবে এ খাতের সম্প্রসারণে প্রাথমিক বিনিয়োগ, প্রযুক্তিগত দক্ষতা এবং জমির প্রাপ্যতা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
যেকোনো পদার্থের বিষাক্ততা মূলত নির্ভর করে মানবদেহ কতটা গ্রহণ করছে এবং কত সময় ধরে সেটির সংস্পর্শে থাকছে তার ওপর। মঙ্গলের ধূলিকণায় সিলিকা, আয়রন যৌগ এবং পারক্লোরেটের মতো ক্লোরিন যৌগ রয়েছে, যা পৃথিবীতে উচ্চ মাত্রায় ক্ষতিকর হিসেবে পরিচিত।
অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে কম্পিউটারের কাজে
২৪ঘণ্টা অনলাইন: হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নিবন্ধিত সিম কার্ড ফোনে না রেখেই যারা এসব বার্তাবিনিময় সেবা ব্যবহার করেন, তাদের অ্যাকাউন্ট ব্যবহারে বিধিনিষেধ...