মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩
আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাট ও খুলনা সফর সম্পর্কে জানুন। মোংলা বন্দর উন্নয়ন, মাজার জিয়ারত এবং ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধনের বিস্তারিত তথ্য এখানে রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর বাগেরহাটে আসছেন

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৬   ০১:২৫ পিএম
webnews24

ম ম রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধি

সরকারি সফরে বাগেরহাট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার এ সফরে প্রধানমন্ত্রী মোংলা বন্দর পরিদর্শন, বন্দর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। একই দিনে খুলনায় শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টায় বন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।

মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বন্দর এলাকার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর ১২টা ৪৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সফরকে সুশৃঙ্খল করতে প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা প্রস্তুতি নিচ্ছেন।

বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মোংলা থেকে খানজাহান আলীর মাজার পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার সড়কের দুই পাশে জেলার সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

মাজার জিয়ারত শেষে দুপুর ১টা ১৫ মিনিটে খুলনার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন। বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

দিনব্যাপী সফর শেষে বিকেল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৫টা ১৫ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাট ও খুলনায় প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকার খবরকে গুজব বলে জানিয়েছে পেট্রোবাংলা। মহেশখালীর সামিট এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজের কারণে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট হতে পারে। এতে কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
কপ৩১ জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিতে আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশ ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাবে। পাশাপাশি খাল খনন, বৃক্ষরোপণ ও নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের উদ্যোগগুলোও তুলে ধরা হবে।
কিমিটিকে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত। শুনানির দিন ধার্য করেছেন ২৬ নভেম্বর।এ ঘটনায় আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়াসহ আরও বেশ কয়েকজন আইনজীবীর নাম এসেছে।এসময় আপিল বিভাগের এজলাস ভরে যায় আইনজীবীদের উপস্থিতিতে। সাম্প্রতিক সময় এত বড় জালিয়াতি আর উন্মোচিত হয়নি।