২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : দেশে টানা চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার কোনো সিদ্ধান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে ভিত্তিহীন গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। তবে মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলায় আগামী চার দিন জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা কমতে পারে।
৩ নভেম্বর পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটি সামিট এলএনজিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে টার্মিনালটির রিগ্যাসিফিকেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে সাময়িক প্রভাব পড়তে পারে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট। রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন এই সরবরাহ কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ দৈনিক সরবরাহ কমার সম্ভাবনা রয়েছে ৩২০ মিলিয়ন ঘনফুট।
এর প্রভাবে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে। তবে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা
পেট্রোবাংলা জানিয়েছে, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে প্রচার করছে। এসব তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করা হচ্ছে।
সংস্থাটির দাবি, প্রচারিত এই খবরের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই। এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে সরবরাহে সাময়িক ঘাটতি তৈরি হতে পারে, কিন্তু সরবরাহ বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইবিহীন তথ্য বিশ্বাস না করতে এবং বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।
