২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ব্যবসায়িক সাফল্যের বড় ইঙ্গিত দিচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। বিভিন্ন বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে এরই মধ্যে প্রায় ৬৬৫ কোটি রুপি আয়ের হিসাব সামনে এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রির চুক্তি ভারতীয় সিনেমার বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সিনেমা বাণিজ্যবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘কিং’-এর বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে। ভারতের বাইরে সিনেমাটি পরিবেশনার দায়িত্ব পেয়েছে ফার্স ফিল্মস। প্রতিষ্ঠানটি ন্যূনতম গ্যারান্টি হিসেবে এই বিপুল অর্থ দিতে সম্মত হয়েছে। ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের ক্ষেত্রে এটিকে অন্যতম বড় চুক্তি হিসেবে দেখা হচ্ছে।
শুধু আন্তর্জাতিক বাজার নয়, ভারতের অভ্যন্তরীণ পরিবেশনা স্বত্ব থেকেও বড় অঙ্কের অর্থ পেয়েছে সিনেমাটি। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রেক্ষাগৃহে পরিবেশনার স্বত্ব ২৫০ কোটি রুপিতে কিনেছে পেন মারুধর।
এদিকে ডিজিটাল ও টেলিভিশন বাজারেও ভালো দর পেয়েছে ‘কিং’। নেটফ্লিক্স সিনেমাটির ওটিটি স্বত্ব কিনেছে ১৫০ কোটি রুপিতে। পাশাপাশি স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ২৫ কোটি এবং সংগীতস্বত্ব ৬৫ কোটি রুপিতে।
তবে ওটিটি চুক্তিতে রয়েছে বিশেষ শর্ত। প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যবসার ওপর নির্ভর করে নেটফ্লিক্সের সঙ্গে চুক্তির চূড়ান্ত মূল্য পরিবর্তিত হতে পারে। অর্থাৎ, বক্স অফিসে ভালো ব্যবসা করলে ডিজিটাল স্বত্বের মূল্য আরও বাড়ার সুযোগ রয়েছে।
ব্যবসায়িক চুক্তিতে বড় অঙ্কের আয় হলেও সিনেমাটির নির্মাণব্যয়ও কম নয়। শুরুতে ‘কিং’-এর বাজেট ধরা হয়েছিল প্রায় ২০০ কোটি রুপি। পরবর্তী সময়ে পরিকল্পনা ও নির্মাণসংক্রান্ত পরিবর্তনে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০০ কোটি রুপিতে। শাহরুখ খানের পারিশ্রমিক যোগ করলে মোট বাজেট প্রায় ৫০০ কোটি রুপিতে পৌঁছাতে পারে।
ফলে সিনেমাটির সামনে রয়েছে বড় বাণিজ্যিক প্রত্যাশা। মুক্তির আগেই স্বত্ব বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্য অর্থ উঠে আসায় প্রযোজনা সংশ্লিষ্টদের জন্য এটি ইতিবাচক সংকেত।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। এ ছাড়া রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও ববি দেওলের মতো পরিচিত তারকারা। এর আগে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘পাঠান’ সিনেমায় অভিনয় করে বড় সাফল্য পেয়েছিলেন শাহরুখ। এবার ‘কিং’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
মুক্তির আগেই শত শত কোটি রুপির চুক্তি এবং তারকাবহুল অভিনয়শিল্পীদের উপস্থিতি—সব মিলিয়ে বছরের আলোচিত বলিউড সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে ‘কিং’। এখন দেখার বিষয়, প্রেক্ষাগৃহে মুক্তির পর এই ব্যবসায়িক প্রত্যাশা কতটা পূরণ করতে পারে সিনেমাটি।
