বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে টানা পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন দুই মুসলিম নারী আইনপ্রণেতা রশিদা তলাইব ও ইলহান ওমর। মিশিগানের ১২ নম্বর আসনে তলাইব এবং মিনেসোটার ৫ নম্বর আসনে জয় পেয়েছেন ওমর।

মার্কিন নির্বাচনে টানা পঞ্চম জয় রশিদা তলাইব ও ইলহান ওমরের

প্রকাশিত - ০৫ নভেম্বর, ২০২৬   ১২:৪৫ এএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও নিজেদের আসন ধরে রেখেছেন ডেমোক্রেটিক পার্টির দুই মুসলিম নারী আইনপ্রণেতা রশিদা তলাইব ও ইলহান ওমর। মঙ্গলবারের নির্বাচনে জয় পেয়ে টানা পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন তারা। ফিলিস্তিনিদের অধিকার, অভিবাসন এবং নাগরিক স্বাধীনতার পক্ষে সোচ্চার এই দুই রাজনীতিকের পুনর্নির্বাচন মার্কিন কংগ্রেসে প্রগতিশীল ধারার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করল।

মিশিগানের ১২ নম্বর কংগ্রেসনাল আসনে রিপাবলিকান প্রার্থী জেমস ডি হুপারকে পরাজিত করেছেন রশিদা তলাইব। অন্যদিকে মিনেসোটার ৫ নম্বর আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন নাগেলকে হারিয়ে জয় পেয়েছেন ইলহান ওমর।

ডেট্রয়েট ও আশপাশের এলাকা নিয়ে গঠিত মিশিগানের আসনটির প্রতিনিধিত্ব করছেন তলাইব। তিনি মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী। ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতির সমালোচনায় বরাবরই সরব থেকেছেন তিনি।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ইসরায়েল সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কঠোর সমালোচনা করে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন তলাইব।

ফিলিস্তিনিদের ওপর সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। গত বছরের অক্টোবরে পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যার ঘটনায় অভিযুক্ত এক ইসরায়েলি সামরিক কমান্ডারের গ্রেপ্তার ও তদন্তের আহ্বান জানান এই আইনপ্রণেতা। তার মতে, সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করা যুক্তরাষ্ট্রের আইনি দায়িত্বের অংশ।

তবে ইসরায়েলবিরোধী বক্তব্যের কারণে রাজনৈতিক বিতর্কেও জড়িয়েছেন তলাইব। ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে তার মন্তব্যের জেরে প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাব আনা হয়েছিল।

অন্যদিকে সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা ইলহান ওমর ২০১৯ সাল থেকে মিনেসোটার ৫ নম্বর কংগ্রেসনাল আসনের প্রতিনিধিত্ব করছেন। তার নির্বাচনী এলাকার মধ্যে মিনিয়াপোলিস ও আশপাশের অঞ্চল রয়েছে।

অভিবাসীদের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং প্রগতিশীল নীতির পক্ষে নিয়মিত কথা বলেন ওমর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিরও কঠোর সমালোচক তিনি। এ কারণে ট্রাম্পের রাজনৈতিক আক্রমণের মুখেও পড়েছেন এই আইনপ্রণেতা।

সম্প্রতি অভিবাসনসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ নিয়েও বিতর্ক তৈরি হয় তাকে ঘিরে। তবে অভিযোগগুলো প্রত্যাখ্যান করে তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ওমর।

রশিদা তলাইব ও ইলহান ওমর দুজনই ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের পরিচিত মুখ। পররাষ্ট্রনীতি, অভিবাসন, নাগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের অবস্থান মার্কিন রাজনীতিতে আলোচনার জন্ম দিয়ে আসছে।

এবারের নির্বাচনে তাদের জয় এমন এক সময়ে এলো, যখন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসন নিশ্চিত করতে হবে।

দুই মুসলিম নারী আইনপ্রণেতার এই পুনর্নির্বাচন শুধু ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়, বরং মার্কিন কংগ্রেসে অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ধারাবাহিকতাও তুলে ধরছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ইরানে আপাতত নতুন করে সামরিক হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন বাহিনী সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকলেও নতুন হামলার প্রয়োজন নাও হতে পারে।
এ দুর্ঘটনা চলতি শতাব্দীতে ইউরোপের অন্যতম প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ফরেনসিক দল নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার কাজ চালিয়ে যাওয়ায় স্বজনদের দীর্ঘ ও বেদনাদায়ক অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেহের বিচ্ছিন্ন অংশ পরীক্ষা করেও পরিচয় শনাক্ত করতে হয়েছে। মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গবেষণায় দেখা গেছে, উত্তর নেপাল, দক্ষিণ-পূর্ব তিব্বত এবং ভারতের উত্তরাখণ্ডের কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকায় দ্রুত বাড়ছে নির্মাণকাজ। ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে এসব এলাকায় ভবন ও অন্যান্য অবকাঠামোয় আচ্ছাদিত জমির পরিমাণ বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। আর হিমবাহ-সৃষ্ট হ্রদের পানি উপচে বন্যার ঝুঁকি রয়েছে, এমন এলাকায় নির্মাণ বেড়েছে প্রায় ৭৮ শতাংশ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় দোহায় আলোচনা শেষে ইরানি প্রতিনিধিরা ফিরে গেছেন। সম্ভাব্য সমঝোতা চুক্তির একটি খসড়া পর্যালোচনা করা হচ্ছে এবং পরবর্তী বৈঠকের সম্ভাবনা রয়েছে। হরমুজ প্রণালি খুলে দেওয়া ও মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার নিয়ে ইরানের সাত দফা প্রস্তাব আলোচনার মূল ভিত্তি। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে এখনো দুই দেশের মধ্যে সমঝোতা হয়নি
ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্পকে ঘিরে এক দিনে ১০৮টি বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছেন ৪০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী। প্রায় দুই লাখ মানুষের অংশগ্রহণে ভারতের সীমান্তসংলগ্ন এলাকায় নদীর ১২ কিলোমিটার তীরজুড়ে স্থাপন করা হয়েছে এসব স্থাপনা।