রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩
শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সাভার, আশুলিয়া, মিরপুরসহ গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক এলাকায় চলছে টহল। পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের কার্যক্রম পর্যবেক্ষণ করছে বিজিবি।

শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত - ০৮ নভেম্বর, ২০২৬   ০২:০২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৮ নভেম্বর বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কারখানা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

মোতায়েন করা সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর এলাকায় টহল দিচ্ছেন। নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকাতেও রয়েছে বিজিবির নিরাপত্তা কার্যক্রম।

অন্যদিকে গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

শুধু মাঠপর্যায়ে টহল নয়, পরিস্থিতি পর্যবেক্ষণেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিও চিত্র পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন বিজিবি সদস্যরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে নিরাপদ পরিবেশ বজায় রাখা, সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে এই নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানীর মালিবাগে সিআইডি ও পুলিশের বিশেষ শাখার প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় রোববার সন্ধ্যায় একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। পার্কিংয়ে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরণটি ঘটে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।
সৌদি আরবের জেদ্দায় মদিনা থেকে আসার পথে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা এবং আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। দুর্ঘটনায় একটি ট্রাক বাংলাদেশিদের বহনকারী গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনার বিস্তারিত জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ কনস্যুলেট।