সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আবার যেসব অটোরিকশা চলাচল করছে, সেগুলোর চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। কোথাও আগের ভাড়ার...

অটোরিকশা সংকটে ভোগান্তিতে যাত্রীরা, দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত - ০৯ নভেম্বর, ২০২৬   ০১:৪০ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: রাজধানীর মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আবার যেসব অটোরিকশা চলাচল করছে, সেগুলোর চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগ উঠেছে। কোথাও আগের ভাড়ার দ্বিগুণ চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্যামলী কলেজ গেট, মোহাম্মদপুর, বসিলা, ঢাকা উদ্যান, তাজমহল রোড, লালমাটিয়া ও ধানমন্ডি ২৭ এলাকায় সড়কে অটোরিকশার সংখ্যা কম দেখা গেছে। প্রয়োজনের সময় রিকশা না পেয়ে অনেককে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

রাস্তায় অটোরিকশা না থাকায় ভোগান্তির কথা জানিয়েছেন যাত্রীরা। রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থী সাইফুলের মা বলেন, সকালে যখন আসি, তখন তো একেবারেই রিকশা চোখে পড়েনি। ফেরার পথে সড়কে অল্প কিছু রিকশা থাকলেও তারা রিকশা বন্ধের অজুহাতে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। যেখানে আগে ৫০ টাকা ভাড়া লাগত, সেখানে এখন ১০০ টাকা চাইছে।

সকাল থেকে অটোরিকশার সংকটে শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবী মানুষকে বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য অটোরিকশার ওপর নির্ভরশীল যাত্রীরা পড়েছেন বেশি বিপাকে। অন্যদিকে অল্পসংখ্যক অটোরিকশা চলাচল করায় চালকদের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে দর-কষাকষিও হচ্ছে।

সকাল ৯ টার দিকে বসিলা চার রাস্তার মোড় এলাকায় ব্যানার নিয়ে জড়ো হয় রিকশাচালকরা। পরে সেখান থেকে তারা ব্যানার নিয়ে প্রেসক্লাবের উদ্দেশ্যে চলে যায়।

অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েও বাধার মুখে পড়ার কথা জানিয়েছেন চালকেরা। নাঈম নামে এক চালক বলেন, অনেক ঝুঁকি নিয়ে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়েছি। আমাদের রিকশাচালকেরাই বিভিন্ন সড়কে আমাদের আটকে দিচ্ছেন। ঢাকা উদ্যানের রিক্সা গ্যারেজের মালিক মামুন জানান,সড়কে আমরা নামলে বিভিন্ন সময় আমাদের পুলিশ সার্জেন্টরা গাড়ি ধরে ডাম্পিং করে দেয় এবং বিভিন্ন মূলক হয়রানি করে। আমরা নিয়মের মধ্যে থেকে গাড়ি চালাতে চাই। আমাদের হয়রানি বন্ধ এবং আমাদের নিয়মের মধ্যে রেখে গাড়ি চালানোর সুযোগ করে দিলেই তো হয় সরকার। তবে কর্মসূচিতে অংশ নিতে কাউকে জোর করা বা রাস্তায় চলাচলরত অটোরিকশা আটকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি করেছেন সংগঠনটির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম। তার ভাষ্য, যারা স্বেচ্ছায় আসতে চান, তাদেরই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একদিকে অটোরিকশাচালকদের জীবিকা, নিবন্ধন ও চলাচলের অধিকার নিয়ে দাবি, অন্যদিকে সাধারণ যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের প্রয়োজন। দুই পক্ষের এই টানাপোড়েনে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অটোরিকশা কম থাকায় যাত্রীদের যেমন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, তেমনি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে অনেককে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে কমপক্ষে ৫ লাখ, অঙ্গহানির ক্ষেত্রে ৩ লাখ এবং আহত ব্যক্তিকে ১ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিচ্ছে বিআরটিএর ট্রাস্টি বোর্ড। দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২ পূরণ করে অথবা বিএসপি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে অর্থ পাঠানো হবে।
শ্রমিকদের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সংসদে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে হাসপাতালগুলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। এর কয়েক মাস আগেই মারা যান তার মা অভিনেত্রী শ্রীদেবী। তবে মেয়ের অভিনয়জগতে আসার সিদ্ধান্তে শুরু থেকেই খুব একটা সায় ছিল না শ্রীদেবীর। তিনি চাইতেন না, মেয়ে তাঁর মতো অভিনেত্রী হোক। যদিও পরে ধীরে ধীরে জাহ্নবীর সিদ্ধান্ত মেনে নেন।
মেঘমুক্ত আকাশে উত্তরের জেলা পঞ্চগড় থেকে দেখা মিলেছে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। কখনো শুভ্র সাদা, আবার কখনো সূর্যের আলোয় সোনালি আভায় ধরা দিচ্ছে বরফে ঢাকা এ পর্বতশৃঙ্গ।...