২৪ঘন্টা অনলাইন: ২৪ঘন্টা অনলাইন : দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণ—দুই ক্ষেত্রেই অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, গত ১৮ মাসে দেশে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়েনি। একই সময়ে বিদেশে কাজের সুযোগও কমেছে ৩৫ শতাংশ। কর্মসংস্থান পরিস্থিতির পাশাপাশি সরকারি প্রকল্পের ব্যয় ও দুর্নীতির বিষয়েও সরকারের কাছে জবাব চেয়েছেন তিনি।
৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্দেশে এক সম্পূরক প্রশ্নে এসব বিষয় তুলে ধরেন হাসনাত আবদুল্লাহ। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বেসরকারি খাতের ঋণপ্রবাহের দুর্বল অবস্থার বিষয়টি সামনে আনেন। তাঁর দাবি, গত তিন দশকের মধ্যে বেসরকারি খাতে ঋণ বিতরণের হার বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এ হার ৩ দশমিক ৪২ শতাংশে নেমে এসেছে। এর ফলে বেসরকারি খাতের বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১৮ মাসে দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা ছিল। কিন্তু এখন পর্যন্ত বাস্তবে কত মানুষের কর্মসংস্থান হয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাচ্ছে না। তাঁর অভিযোগ, দেশে কর্মসংস্থান বৃদ্ধির পরিবর্তে বিদেশে কাজের সুযোগ ৩৫ শতাংশ কমে গেছে।
এ সময় সমবায়ভিত্তিক কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে ‘আমার বাড়ি, আমার খামার’ প্রকল্পের প্রসঙ্গ। হাসনাত বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ‘একটি বাড়ি, একটি খামার’ নামে শুরু হওয়া প্রকল্পটির নাম দুই মেয়াদে পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পটিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
প্রতিমন্ত্রীর কাছে তিনি জানতে চান, সমবায়ের মাধ্যমে কারিগরি ও ভাষাগত দক্ষতা বাড়িয়ে কতসংখ্যক কর্মক্ষম মানুষকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হয়েছে। এসব প্রশিক্ষিত মানুষ জাতীয় অর্থনীতিতে বা মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কতটা অবদান রাখছেন, তার কোনো পরিসংখ্যান সরকারের কাছে রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
এ ছাড়া প্রকল্পটিতে দুর্নীতির অভিযোগে যেসব প্রকল্প পরিচালক বা পিডির বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলোর বিচারিক কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা জানতে চান এই সংসদ সদস্য।
জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সংসদ সদস্য একাধিক মন্ত্রণালয়-সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্ন করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে আলাদাভাবে প্রশ্ন করা হলে প্রতিটি বিষয়ে বিস্তারিত উত্তর পাওয়া যাবে।
তবে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশে শ্রমবাজারের সংকোচন, বেসরকারি বিনিয়োগ এবং সরকারি প্রকল্পের জবাবদিহি নিয়ে উত্থাপিত প্রশ্নগুলোর বিস্তারিত পরিসংখ্যান ও ব্যাখ্যা ওই জবাবে পাওয়া যায়নি। ফলে এসব বিষয়ে সরকারের অবস্থান ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
