২৪ঘন্টা অনলাইন: দুই ম্যাচে দারুণ জয়ে সেমি-ফাইনালে ওঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে এবারের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশের রক্ষণকে সেরা চারের লড়াইয়ে কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হবে। চোটের জন্য সাদ উদ্দিনের ছিটকে যাওয়া তাই দুর্ভাবনার কারণ টমাস ডুলির জন্য।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার রাত সাড়ে ৮টায়, সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পাকিস্তান আজও ফাইনালেই খেলতে পারেনি। বাংলাদেশ নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল ২০০৩ সালে।
শনিবার বিকাল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। চ্যাম্পিয়নশিপ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা এর আগে পুলিশের তরফে বলা হয়েছে।
ঢাকায় জাতীয় স্টেডিয়ামে শনিবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পরপর দুটি সেমিফাইনাল খেলা দেখতে দর্শকদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে আসার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৩ নভেম্বর শুক্রবার রাতে ডিএমপি বলেছে, ‘গুরুত্বপূর্ণ এ দুটি ম্যাচকে কেন্দ্র করে জাতীয় স্টেডিয়ামে বিপুল দর্শকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামের গেইট দুপুর দেড়টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। যানজট এড়াতে ও নিরাপত্তা তল্লাশিসহ প্রবেশ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে দর্শকদের খেলা শুরুর বেশ আগেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।’
