২৪ঘন্টা অনলাইন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকায় উড়াল দিয়েছে বাংলাদেশ দল। সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলার পর এক সপ্তাহের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজের খেলা ১৫ নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে। জোহানেসবার্গে প্রথম টেস্ট শেষ ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়ানে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শেষ করবে লাল সবুজ প্রতিনিধিরা। প্রোটিয়ারা সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। বাভুমার দল যে বাংলাদেশকে উড়িয়ে দেবার রণ-কৌশল নিয়ে তৈরি হচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখেনা। এশিয়ার যে কোন দেশের জন্য দক্ষিণ আফ্রিকার উইকেট থাকে বেশ কঠিন। কারো কারো কাছে সেটি একরকম দুর্ভেদ্য। বাংলাদেশের জন্য যে কঠিন একটি সিরিজ হতে যাচ্ছে সেটি আগ বাড়িয়ে বলে দেয়া যায়। তারওপর দেশে টেস্ট খেলে কোন প্রকার বিশ্রাম না নিয়েই খেলার প্রভাবটা মাঠে না পড়লেই হয়। এদিকে জাতীয় দলের জন্য একজন বিদেশি ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে প্রক্রিয়ায় যোগ হলেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক ব্যাটার ডালে বেনকেনস্টাইন। জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে। এই সিরিজে কাজ ভালো করলে তাঁকে ভবিষ্যতের পরিকল্পনায় রাখতে পারে বিসিবি।
অবশ্য এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে আপাতত দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। বেনকেনস্টাইনকে নিয়ে এখনই কোনো পরিকল্পনা করা হয়নি।’ এ মুহূর্তে জাতীয় দলের কোচিং স্টাফে যোগ হলেন দুজন দক্ষিণ আফ্রিকান। সহকারী কোচ মালিব্গংুয়ে মাকেতা নিয়োগ পেয়েছেন গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। তাঁর নতুন সঙ্গী বেনকেনস্টাইনের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন। সবচেয়ে বেশি কাজ করেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুস্টারশায়ার এর মধ্যে অন্যতম। দক্ষিণ আফ্রিকা ফ্র্যাঞ্চাইজি লিগেও কোচ ছিলেন তিনি। বাংলাদেশে দক্ষিণ আফ্রিকান কোচরা সাধারণত ভালো কাজ করেন। তামিম ইকবালদের পছন্দের ব্যাটিং কোচ ছিলেন নিল ম্যাকিঞ্জে। পারিবারিক কারণে বিসিবির চাকরি ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে গিয়েছিলেন তিনি। ফিল্ডিং কোচ ছিলেন রায়ান কুক। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দুই মেয়াদে জাতীয় দলের প্রধান কোচ ছিলেন। তাছাড়া আরও কয়েকজন কাজ করেছেন লাল সবুজ দলে।
দেশটির সবচেয়ে বড় তারকা অ্যালান ডোনাল্ড পেস বোলিং কোচ হিসেবে কাজ করে দারুণভাবে প্রশংসিত হয়েছেন। বেনকেনস্টাইনের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল বাংলাদেশ। ১৯৯৮ সালে ‘মিনি বিশ্বকাপ’খ্যাত উইলস ইন্টারন্যাশনাল কাপে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাঁর। ২৩টি ওয়ানডে খেলে ৩০৫ রান করেছেন। তবে ২৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৫ হাজার ৯৬২ রান করেছেন। ৩০০ লিস্ট এ ম্যাচ খেলে ৭ হাজার ৩০৮ রান করেছেন। আর ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ফলে তিন সংস্করণে খেলার অভিজ্ঞতা ও কাজের অভিজ্ঞতা মিলিয়ে দারুণ প্যাকেজ হতে পারেন বেনকেনস্টাইন। এর আগে দক্ষিন আফ্রিকা সফরের টেস্ট দলে নতুন মুখ মাহফিজুল ইসলাম, আর দলে ফিরেছেন নাঈম শেখ। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দুজনই। চলতি জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন মাহফিজুল ও নাঈম। ময়মনসিংহ বিভাগের হয়ে পাঁচ ম্যাচে ৭৪.৬৭ গড়ে ৬৭২ রান করেছেন মাহফিজুল। তিনটি সেঞ্চুরির মধ্যে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে খেলেছেন দ্বিশতকের ইনিংস।
প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চলতি বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়েও খেলেছিলেন মাহফিজুল। চার ইনিংসে ১১২ রান করেছিলেন তিনি, যার মধ্যে ছিল একটি অর্ধশতক। রান বেশি না পেলেও কয়েকটি ইনিংসে নজর কেড়েছিলেন এই ব্যাটার। ২৭ বছর বয়সী নাঈমের টেস্ট অভিজ্ঞতা অবশ্য খুব বেশি নয়। চার বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেছেন তিনি। ওয়ানডে খেলেছেন ৯টি, টি-টোয়েন্টি ৩৮টি। জাতীয় ক্রিকেট লিগের চলতি মৌসুমে একটি দ্বিশতক ও দুটি সেঞ্চুরি করেছেন নাঈম। সাত ইনিংসে ৬১২ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। আগস্টে দক্ষিণ আফ্রিকা সফর করা বাংলাদেশ ‘এ’ দলের সদস্যও ছিলেন নাঈম। তবে তিন ইনিংসে একটি অর্ধশতকসহ করেছিলেন ৭২ রান। সিলেট টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় গোড়ালিতে চোট পান ওপেনার সাদমান ইসলাম। তার জায়গাতেই দলে নেওয়া হয়েছে নাঈমকে। চোটে না পড়লে ঢাকায় সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করা সাদমানের দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত ছিল।
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।
