মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেন থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে পৌঁছেছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। লাহজ প্রদেশের দুটি জেলা দখলের পর তাদের অগ্রযাত্রা ঠেকাতে শহরের চারপাশে পরিখা ও প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী। এদিকে বাব এল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকা থেকে সেনা সরিয়ে এডেনের নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

এডেনের ৬০ কিলোমিটারের মধ্যে হুথি যোদ্ধারা

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৬   ১১:১৮ এএম
webnews24

২৪ঘন্টা ডেস্ক: ইয়েমেনের ক্ষমতার লড়াই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে পৌঁছে যাওয়ায় সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে সৌদি সমর্থিত সরকারি বাহিনী।

১৫ নভেম্বর এডেনের কাছাকাছি এলাকায় হুথি যোদ্ধাদের অবস্থানের খবর পাওয়া যায়। পরিস্থিতি বিবেচনায় শহরের চারপাশে পরিখা খনন, বালুর বস্তা দিয়ে প্রতিরোধক দেয়াল নির্মাণ এবং বিভিন্ন প্রতিরক্ষা অবস্থান প্রস্তুত করা হচ্ছে। তবে হুথি বাহিনী আরও অগ্রসর হলে এসব ব্যবস্থা কতটা কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে ইয়েমেনের সেনাবাহিনীর চারটি সূত্র এবং সরকারের দুটি সূত্র জানিয়েছে, হুথি যোদ্ধারা লাহজ প্রদেশের দুটি জেলা দখলে নিয়েছে। বর্তমানে তারা আল-মাদারিবার আল-খারাজ ক্যাম্পের আশপাশে অবস্থান করছে। সেখান থেকে এডেনের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার।

ইয়েমেনের রাজধানী সানা দীর্ঘদিন ধরে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে আসছে। শহরটি থেকেই পরিচালিত হচ্ছে সরকারের প্রশাসনিক কার্যক্রম।

দেশটির জনবহুল বিস্তীর্ণ অঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। বাকি ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে সংঘাতে জড়িত গোষ্ঠীটি। সাম্প্রতিক অগ্রযাত্রায় এডেনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে হুথিদের অগ্রযাত্রার মধ্যেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকা এবং একটি বিমানবন্দর থেকে সরকারি বাহিনী নিজেদের সেনা সরিয়ে নিয়েছে। ইয়েমেন সরকার জানিয়েছে, এডেনের প্রতিরক্ষা শক্তিশালী করতেই এসব সেনাকে অন্যত্র পুনরায় মোতায়েন করা হচ্ছে।

অন্যদিকে, সরকারি বাহিনীর ছেড়ে যাওয়া এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি এএফপির কাছে নিশ্চিত করেছে হুথিদের সামরিক শাখার একটি সূত্র।

সব মিলিয়ে এডেনকে কেন্দ্র করে ইয়েমেনের সংঘাত নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। হুথিদের অগ্রযাত্রা অব্যাহত থাকলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রশাসনিক কেন্দ্রটি সরাসরি সামরিক চাপের মুখে পড়তে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যের আবু কালব গ্রামে ড্রোন হামলায় ১৫ জন নিহত হয়েছেন। রবিবার (১৫ নভেম্বর) চালানো পরপর দুটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুড়ে গেছে কয়েকটি বাড়ি। স্থানীয় মানবাধিকার সংস্থা ‘কোরদোফান অবজারভেটরি’ এ তথ্য জানিয়েছে।যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে এক প্রত্যক্ষদর্শী জানান, নিহতদের মধ্যে শিশু ও তার পরিবারের নয়জন সদস্য রয়েছেন। প্রথম হামলাটি চালানো হয় একটি জনসমাগমস্থলে, যেখানে শিশুরা ফুটবল খেলছিল। দ্বিতীয় হামলায় লক্ষ্যবস্তু করা হয় বসতবাড়ি।এতে কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।
বিশ্ব শান্তি, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও বড় শক্তিগুলোর সম্পর্ক নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেন শহরে এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। আলোচনায় পারমাণবিক অস্ত্র হ্রাস ও ইরান পরিস্থিতি গুরুত্ব পেতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে তিন দেশের অবস্থানের পার্থক্য বৈঠকের ফলাফলে প্রভাব ফেলতে পারে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্থায়ী অবসান এবং যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এ কথা জানিয়েছেন। বুশেহর বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সুযোগ পেলেও নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের মতো স্থাপনায় এখনো প্রবেশাধিকার পায়নি আন্তর্জাতিক সংস্থাটি। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ আরও কঠিন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিরল দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী কার্ল। তিনি মানুষের মুখে নিজের পোষা বিড়ালের চোখ ও ডোরাকাটা দাগ দেখতে পান। আবার বিড়ালের মুখেও মানুষের বৈশিষ্ট্য দেখতে পান। প্রোসোপোমেটামর্ফপসিয়া নামের এ বিরল স্নায়বিক অবস্থাটি নিয়ে গবেষণা প্রকাশিত হয়েছে ‘কর্টেক্স’ জার্নালে।
থাইল্যান্ডের পর্যটননগরী ফুকেটে একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানে আগুন লেগে তা আশপাশের বাণিজ্যিক ও আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। সোমবার রাতের এ ঘটনায় ১১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
ইন্দোনেশিয়ার দাবানলের কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জনগণের ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানিয়েছেন, বনভূমিতে আগুন লাগানোর সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দাবানল প্রতিরোধে নতুন সংস্থা গঠনের উদ্যোগও চলছে। আসিয়ান নেতারা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া ধোঁয়া ও দূষণ নিয়ন্ত্রণে আঞ্চলিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন।