সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩
ইন্দোনেশিয়ার দাবানলের কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জনগণের ভোগান্তির জন্য ক্ষমা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি জানিয়েছেন, বনভূমিতে আগুন লাগানোর সঙ্গে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দাবানল প্রতিরোধে নতুন সংস্থা গঠনের উদ্যোগও চলছে। আসিয়ান নেতারা সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া ধোঁয়া ও দূষণ নিয়ন্ত্রণে আঞ্চলিক সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

দাবানলের প্রভাব: সিঙ্গাপুর-মালয়েশিয়ার কাছে ক্ষমা চাইলেন প্রাবোও

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৬   ১২:৪৬ এএম
webnews24

২৪ঘন্টা ডেস্ক: ইন্দোনেশিয়ার বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। বিশেষ করে সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জনগণকে যে ভোগান্তির মুখে পড়তে হয়েছে, সে জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।

রোববার (১৫ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের বিবৃতি অনুযায়ী, আসিয়ান সম্মেলনের একটি অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চান প্রাবোও। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বনভূমিতে পরিকল্পিতভাবে আগুন লাগানোর সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান বজায় রাখবে।

প্রাবোও বলেন, এ ধরনের অপরাধে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে অতীতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। পাশাপাশি দাবানল মোকাবিলা ও প্রতিরোধের সক্ষমতা বাড়াতে নতুন একটি সংস্থা গঠনের প্রস্তুতি চলছে।

দাবানল মোকাবিলায় আসিয়ানের সমন্বিত উদ্যোগের আহ্বান

দাবানল নিয়ন্ত্রণে ইন্দোনেশিয়ার নেওয়া পদক্ষেপ নিয়ে আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা হয়েছে। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো জানিয়েছেন, আগুন মোকাবিলায় ইন্দোনেশিয়ার কার্যক্রম নিয়ে বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে।

এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়া ধোঁয়া ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য ‘ট্রান্সবাউন্ডারি হেজ পলিউশন কন্ট্রোল অন আসিয়ান কো-অর্ডিনেটিং সেন্টার’-এর অনুমোদন বা অনুসমর্থনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা।

১১ বছরের মধ্যে ভয়াবহ দাবানল

ইন্দোনেশিয়া গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে দেশটির সুমাত্রা, বোর্নিও ও পাপুয়া দ্বীপের বিস্তীর্ণ বনভূমি ও ভূমি পুড়ে গেছে।

বনাঞ্চলে আগুনের কারণে সৃষ্ট ধোঁয়া সীমান্ত অতিক্রম করে প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারে। এতে বায়ুর মানের অবনতি এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কা তৈরি হয়।

এ পরিস্থিতিতে শুধু নিজ দেশের বনাঞ্চল রক্ষা নয়, আঞ্চলিক পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায়ও ইন্দোনেশিয়ার কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সামনে এসেছে। প্রাবোওর ক্ষমা প্রার্থনার পাশাপাশি দায়ী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা এবং নতুন সংস্থা গঠনের ঘোষণা তাই আসিয়ান অঞ্চলে পরিবেশগত সহযোগিতার আলোচনাকে আরও গুরুত্ব দিয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
হরমুজ প্রণালিতে নৌ-মাইনের বিস্ফোরণে দুই মিলিয়নের বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাঙ্কার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের আইআরজিসি। একই ঘটনায় আরও একটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছে তারা। তবে জাহাজের পরিচয় ও ডুবে যাওয়ার তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। ব্রিটিশ মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কারে হামলার খবর তারা পেয়েছে এবং নাবিকেরা নিরাপদে রয়েছেন।
তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে ক্ষুদ্র উপসাগরীয় দেশ বাহরাইন, এর মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান ঘটাল।
মুম্বইয়ের বাসিন্দা ২৭ বছর বয়সী বিলাল গবেষণার সূত্রে ব্রিটেনে ছিলেন। তদন্তে ৭০ জনের বেশি নাবালিকার ওপর নির্যাতনের প্রমাণ মিলেছে। পুলিশের ধারণা, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
গঙ্গা নদী পরিষ্কারে গত ১০ বছরে ৪৩ হাজার ৬০ কোটি রুপি ব্যয় করেছে ভারত সরকার। ২০১৪ সালে শুরু হওয়া ‘নমামি গঙ্গে’ প্রকল্পের পরও নদীর বিভিন্ন অংশে দূষণ রয়ে গেছে বলে ব্লুমবার্গের অনুসন্ধানে উঠে এসেছে। সরকার কিছু এলাকায় উন্নতির দাবি করলেও প্রকল্পের সামগ্রিক সাফল্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইয়েমেনে অবস্থানরত সৌদি সেনাদের লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলার দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চল অভিমুখে ছোড়া তাদের দুটি ড্রোন ধ্বংসের কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ১৪ নভেম্বর হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইয়েমেনের লাহিজের খারাজ এলাকায় সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এতে কয়েক ডজন সেনা হতাহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়া হামলায় অসংখ্য সামরিক যান ধ্বংস হয়েছে বলেও জানান ইয়াহিয়া সারে।