২৪ঘন্টা অনলাইন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির অভিযোগ নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর দাবি, সাংবাদিক পরিচয় ব্যবহার করে কারও অন্যায় আচরণ করার সুযোগ নেই। গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের সামনে এভাবেই নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজির হন পরীমনি। বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান এই অভিনেত্রী। বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৫ নভেম্বরের ঘটনা নিয়ে প্রশ্নের জবাব দেন পরীমনি। ওই দিন ব্যবসায়ীকে মারধরের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।
পরীমনির অভিযোগ, ওই সাংবাদিক তাঁর শরীরে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেছিলেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে গেলে ওই ব্যক্তি সাংবাদিক পরিচয় তুলে ধরেন। এতে তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ হয়ে পড়েন তিনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক, তার মানে কী দাঁড়াল?’
তিনি আরও বলেন, ওই মুহূর্তে তিনি উত্তেজিত ছিলেন। তাঁর সঙ্গে সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় আচরণ করা হলে তিনি প্রতিবাদ করবেন। সাংবাদিক পরিচয় কাউকে অন্যায় করার অধিকার দেয় না বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
পরীমনির বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে অন্যতম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে তাঁর বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
তবে অভিযোগ গঠনের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরে উচ্চ আদালত তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে অভিযোগ গঠন বিষয়ে পুনরায় শুনানির নির্দেশ দেন।
এদিকে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে করা মামলাতেও আদালতে হাজিরা দিতে হচ্ছে এই অভিনেত্রীকে। ফলে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে।
সর্বশেষ আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সামনে দেওয়া বক্তব্যের মধ্য দিয়ে ৫ নভেম্বরের বিতর্কিত ঘটনা নিয়ে নিজের অবস্থান জানালেন পরীমনি। তবে ওই দিনের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক ও অভিযোগ নিয়ে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।
