শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

খুলনায় প্রিজন সেলে সাবেক কাউন্সিলরের সাথে আ’লীগ নেতাদের বৈঠক!

প্রকাশিত - ১৩ মার্চ, ২০২৫   ০৯:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে কারাবন্দী খালিশপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও কেসিসি’র ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালিদ আহমেদের সাথে বৈঠক করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বুধবার (১২ মার্চ) দুপুরে হাসপাতালের প্রিজন সেলে বৈঠকের বিষয়টি সাংবাদিকদের চোখে পড়ে। বৈঠকে উপস্থিত নেতাদের ছবি তুলতে গেলে তারা খুলনার স্থানীয় দুইজন সাংবাদিককে নাজেহাল করে। পরে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশের সামনেই গাড়ীতে করে চলে যান।

গত মঙ্গলবার বিকেলে নগরীর খালিশপুর থানার পদ্মা অয়েল রোডে খালিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খালিদ একতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে পালানোর চেষ্টা করে। তখন তার ডান পা ভেঙে যায়। তাকে গ্রেফতার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।

আজ দুপুরে প্রিজন সেলের সামনে গিয়ে দেখা যায়, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এনাম মুন্সী, খালিদের চাচা ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য শেখ ফরহাদ হোসেন প্রিজন সেলের ভেতরে খালিদের সাথে বৈঠক করছেন। প্রিজন সেলের মূল ফটকে তালা ঝোলানো। বাইরের গেটে পাহারা দিচ্ছেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মনিরুল ও ডিম সোহেল।

খোঁজ নিয়ে জানা গেছে, এনাম মুন্সীর বিরুদ্ধে আড়ংঘাটা থানায় একটি এবং খালিশপুর থানায় বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় দুটি মামলা রয়েছে। ফরহাদ হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে চারটি। প্রত্যক্ষদর্শী সাংবাদিক তানভীর আহমেদ বলেন, তালা দেয়া প্রধান ফটকের সামনে যুবকের জটলা দেখে আমরা এগিয়ে গেলে, তালা খুলে এনাম মুন্সী ও ফরহাদ বের হয়ে আসেন। ভিডিও করার সময় উপস্থিত কর্মীরা আমাদের নাজেহাল করার চেষ্টা করেন।

প্রিজন সেলের ভেতরে এক আসামির সঙ্গে অন্য আসামীদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে সেলের ইনচার্জ এসআই শামীম হোসেন বলেন, আমি পুলিশ লাইনসে একটি কাজে গিয়েছিলাম। রেজাউল নামে এক কনস্টেবল দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান বলেন, বিষয়টি জানা ছিল না, খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...