শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, রোববার শুনানি

প্রকাশিত - ৩০ এপ্রিল, ২০২৫   ০৩:৩৫ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন চেম্বার বিচারপতি। একইসঙ্গে জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য রোববার (৪ মে) দিন ধার্য করেছেন তিনি। ওইদিন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর বক্তব্য শুনবেন চেম্বার আদালত।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ। তবে আসামির কোনো আইনজীবী এসময় উপস্থিত ছিলেন না। নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, চেম্বার বিচারপতি নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৪ মে আসামির আইনজীবীর বক্তব্য শুনবেন। তারপর আদেশ দেবেন।

এর আগে বিকেলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে রায় দেন। জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট এ রায় দিয়েছেন। ওই সময় আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া। পরে জামিন স্থগিত চেয়ে সঙ্গে সঙ্গে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন