কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই।
রোববার (১১ মে) দুপুরের পর দেশের ১৪ জেলায় বৃষ্টি হয়েছে। তাতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। সোমবার এর বিস্তৃতি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বিকেলে বলেন, আজ দুপুরের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে থাকে।
আজ ময়মনসিংহ বিভাগের চার, সিলেট বিভাগের চার জেলা, কিশোরগঞ্জ, নরসিংদী, রাঙামাটি, কুমিল্লা, বাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়ে বৃষ্টি হয়েছে। এসব জেলায় বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, দীর্ঘ সময় ধরে দিনে সূর্যের তাপ, বাতাসের কম গতিবেগ, দক্ষিণ থেকে আসা জলীয় বাষ্পের কমতি, বৃষ্টি না থাকা- এসব কারণেই তাপপ্রবাহ এমন বেড়ে যায়।
আবহাওয়াবিদরা বলছেন, চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। শুক্রবার ৪৫ জেলায়, শনিবার ৬২ জেলায়, আজ রোববারও দেশের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বিকেলে বলেন, এপ্রিল উষ্ণ মাস হলেও এবার গরম তেমন একটা ছিল না। মে শুরুর কয়েক দিন তাপমাত্রা কম থাকলেও ৭ তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হয়।
