২৪ঘণ্টা অনলাইন : ভারতের বাংলা ছবিতেই বেশি অভিনয় করতে দেখা যাচ্ছে দুই বাংলার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসানকে। কলকাতার সিনেমায় অভিনয় করে যেমন দর্শক ও সুধী মহলের ভূয়সী প্রশংসা অর্জন করছেন, তেমনি প্রতি বছরই একাধিকবার বগলদাবা করে নিচ্ছেন সেখানকার সেরা অভিনেত্রীর পুরস্কার। দুই বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি সিনেমায় অভিনয় করেও মুগ্ধ করেছেন দর্শককে। জয়ার ভাষ্য, ‘একজন শিল্পীর গণ্ডি যতদূর বাড়ানো সম্ভব, সেটা সে বাড়াবে। আমিও একসময় বাংলাদেশে কাজ শুরু করেছি, তারপর কলকাতা গিয়ে কাজ করছি। আমি মনে করি, শিল্পীর কোনো ভুবন বা সীমানা থাকা উচিত নয়। একজন শিল্পী সব জায়গায় কাজ করবে। এর কোনো কারণ লাগে না।’
টালিউডের কোনো ছবিতে কাজ শুরু না করলেও আবারও ‘অর্ধাঙ্গিনী’ হয়ে কলকাতার প্রেক্ষাগৃহে দেখা মিলবে জয়ার। এমনই আভাস দিলেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার নির্মাতা কৌশিক গাঙ্গুলি। ২০২৩ সালে কলকাতায় মুক্তি পেয়েছিল এই পরিচালকের ‘অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। জয়া আহসান অভিনীত ছবিটি মুক্তির পর প্রশংসার পাশাপাশি দারুণ ব্যবসাও করে। ছবির গল্প যেখানে শেষ হয়েছিল, পরবর্তী সিনেমার সম্ভাবনাও ছিল। এরপর থেকেই সিক্যুয়ালের অপেক্ষার শুরু দর্শকের। এর মধ্যে খবর, শিগগিরই ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু করতে চলেছেন পরিচালক। সম্প্রতি কৌশিক গাঙ্গুলির একটি পোস্ট সেই জল্পনা আরও বাড়িয়ে দেয়। পরিচালক সরাসরি কিছু না বললেও যেন তারই ইঙ্গিত দিয়েছেন বলে বলছে ভারতীয় গণমাধ্যম।
গত রোববার সোশ্যালে একটি ছবি পোস্ট করেন কৌশিক। সেখানে দেখা যায়, একটি শাড়ি আর তার উপরে রাখা দুটি ঘড়ি, সঙ্গে আংটি, গলার হার, হাতের একটি বালা আর রয়েছে রয়েছে শাঁখা, পালা, নোয়া বাঁধানোর মতো সব ত্রয়ো চিহ্ন। আর ক্যাপশনে ছবির গানের লাইন ধার করে লেখা ‘দুটো ঘড়ির তো একই সময় দেখানোর কথা ছিল… তবু… কেমন যেন আলাদা আলাদা সব!’ এই পোস্টেই ‘অর্ধাঙ্গিনী ২’-এর ইঙ্গিত পান সিনেপ্রেমীরা।
জানা গেছে, সব ঠিক থাকলে আগামী জুন মাসের ১৫-১৬ তারিখ নাগাদ ‘অর্ধাঙ্গিনী ২’-এর শুটিং শুরু হচ্ছে। জয়া আহসান তো থাকছেনই, পাশাপাশি দেখা যাবে চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন এবং শুভ্রজিৎ দত্তকেও। এদিকে জয়া আহসান তার আসন্ন সিনেমা ‘তাণ্ডব’ ছবির ডাবিং এবং ‘ডিয়ার মা’য়ের পোস্ট প্রোডাকশনের জন্য কলকাতায় অবস্থান করছেন।
সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘জয়া এবং শারমিন’ নামের একটি সিনেমা। দুই নারীর সংগ্রামের কাহিনি নিয়ে ছবিটি তৈরি। এ ছাড়া আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর ‘তাণ্ডব’ সিনেমাটি। এখানে মূল চরিত্রে অভিনয় করছেন ঢালিউড কিং শাকিব খান।
