২৪ঘণ্টা অনলাইন : ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা শুরু করেছেন রাজধানীমুখী মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার প্রবেশপথ হিসেবে পরিচিত যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পর আজই ঢাকায় ফেরা যাত্রীর চাপ সবচেয়ে বেশি।
এদিন সকাল থেকে এসব এলাকায় দেশের বিভিন্ন জেলা থেকে একের পর এক বাস এসে থামছে। বাস থেকে নেমে যাত্রীরা লোকাল বাস, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে করে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। পরিবহণ সংশ্লিষ্টরা জানান, ভোরের আগেই দেশের বিভিন্ন জেলা থেকে বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে শুরু করে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট বা সমস্যা দেখা যায়নি।
বরিশাল ও খুলনা বিভাগের যাত্রীরা এক্সপ্রেসওয়ে হয়ে পোস্তগোলা সেতু পার হয়ে ঢাকার জুরাইন, দোলাইপাড়, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় নামছেন। অন্যদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের যাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে সাইনবোর্ড, মেডিকেল, রায়েরবাগ, শনির আখড়া ও কাজলা হয়ে রাজধানীতে প্রবেশ করছেন। ট্রাফিক পুলিশের এক সদস্য মো জাকারিয়া হাসান বলেন, ঈদের ছুটির পর রাজধানী এখনও তুলনামূলক ফাঁকা। ঢাকায় ফেরা যাত্রীদের চাপ থাকলেও রাস্তার অবস্থা ভালো থাকায় কোথাও বড় ধরনের জট বা বিশৃঙ্খলা হয়নি।
সোহাগ পরিবহণের বাসচালক রমজান আলী বলেন, “আজ যাত্রী ছিল সবচেয়ে বেশি। পুরো গাড়ি ভর্তি করে ঢাকায় এসেছি। আগামী কয়েক দিন এ চাপ থাকবে বলে ধারণা করছি।” ৭ জুন সারাদেশে উদযাপিত হয়েছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সরকারি চাকরিজীবীরা এবার পেয়েছেন টানা ১০ দিনের ছুটি, যা শেষ হবে আগামী ১৪ জুন। ছুটির শেষভাগে ঢাকামুখী মানুষের এই ভিড় আরও কয়েক দিন চলবে বলে ধারণা করা হচ্ছে।
