শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দেশে আরো ৪ প্রতিষ্ঠান পেল সবুজ কারখানা সনদ

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৫:০৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : দিন যতই যাচ্ছে দেশে গ্রিন ফ্যাক্টরি বা পরিবেশবান্ধব সবুজ কারখানা ততই বাড়ছে। এবার আরো চারটি প্রতিষ্ঠান পেয়েছে পরিবেশবান্ধব সবুজ কারখানার সনদ। নতুন যোগ হওয়া কোম্পানিগুলো নিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ টি।রোববার (১৫ জুন) তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।

পরিবেশবান্ধব সনদ পাওয়া নতুন চারটি কারখানার মধ্যে রয়েছে- মানিগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুকুরিয়ায় অবস্থিত অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড, গাজীপুর টঙ্গীর স্টেশন রোডে অবস্থিত কটন ফিল্ড বিডি লিমিটেড (প্রোডাকশন বিল্ডিং), নরসিংদীর পাচদোনা ভাটপাড়া অবস্থিত আমানত শাহ ফেব্রিক্স লিমিটেড (ওভেন কম্পোজিট) এবং রাজধানীর উত্তরখান ছনপাড়া অবস্থিত কেএম অ্যাপারেল নিট প্রাইভেট লিমিটেড।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, বিশ্বের ১০০টি পরিবেশবান্ধব সুবজ কারখানার মধ্যে অর্ধেকের বেশি কারখানা বাংলাদেশে। এ তালিকায় সর্বশেষ যোগ হয়েছে আরো চারটি কোম্পানি। নতুন যোগ হওয়া পরিবেশবান্ধব সবুজ কারখানা নিয়ে মোট ২৪৮টি লিড প্রত্যয়িত কারখানার মধ্যে ১০৫টি প্লাটিনাম রেটেড এবং ১২৯টি গোল্ড রেটেড, সিলভার ১০টি এবং সার্টিফাইড চারটি কারখানা।

যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড’ নামে পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন অ্যানার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে হলে একটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।

লিড সনদের জন্য নয়টি শর্ত পরিপালনে মোট ১১০ পয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮০ পয়েন্টের ওপরে হলে ‘লিড প্লাটিনাম’, ৬০-৭৯ হলে ‘লিড গোল্ড’, ৫০-৫৯ হলে ‘লিড সিলভার’ এবং ৪০-৪৯ পয়েন্ট হলে ‘লিড সার্টিফায়েড’ সনদ পাওয়া যায়। লিড সনদপত্রের জন্য যোগ্যতা অর্জন করা সহজ কাজ নয়, এর জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিনিয়োগের। লিড প্রত্যয়িত হওয়ার জন্য বাংলাদেশের আরো ৫০০টি কারখানা প্রক্রিয়াধিন রয়েছে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন