শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আফসোস হয় কাজলের?

প্রকাশিত - ১৫ জুন, ২০২৫   ০৬:০৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা  অনলাইন : অভিনেতা বা অভিনেত্রীদের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে, কোনও সিনেমায় হয়তো কাজ করতে মানা করে দিয়েছেন, কিন্তু পরে ওই সিনেমাটাই হিট একটি সিনেমা হিসেবে প্রমাণিত হয়েছে। তেমন একটি ঘটনা ঘটেছিল বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে। তবে কাজল এমন একটি সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন, যা কেবল মুক্তির পর ভারত এবং দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও কেবল সাড়াই তোলেনি, সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ নিয়েও প্রত্যাশা আছে দর্শকদের মধ্যে। সেই সিনেমাটি হল ‘থ্রি ইডিয়টস’।

সম্প্রতি পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় পিয়া চরিত্রটি করার জন্য তার কাছে প্রস্তাব গিয়েছিল। তবে চিত্রনাট্য পড়ে তার মনে হয়েছিল, তিনি সিনেমাটির জন্য উপযুক্ত নন। তাই জনপ্রিয় সিনেমাটির সঙ্গী তিনি হতে পারেননি বলে জানিয়েছেন কাজল।বিষয়টি কাজল বলেন, ‘আমার যখন মনে হয় আমি কোনো কিছুর জন্য উপযুক্ত নই তখন আমি না বলার আগে দ্বিতীয়বার ভাবি না।’

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসে কেবল তুমুল ব্যবসাই করেনি, তরুণদের কাছেও তৈরি করেছিল বন্ধুত্বের নতুন সংজ্ঞা। রাজকুমার হিরানি পরিচালিত ওই সিনেমার তিন বন্ধু রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগির চরিত্রে অভিনয় করেন আমির খান, মাধবান আর শারমান যোশি। আর কারিনা কাপুর হয়েছিলেন মেডিকেল কলেজের ছাত্রী পিয়া। অভিনেত্রী কারিনা কাপুর খানের নাম না করেই কাজল বলেন, ‘সিনেমাটি ছেড়ে দেওয়ায় আমার কোনো আফসোস হয়নি। আমার মনে হয় যার জন্য যেটা লেখা হয়, সেটা ঠিক সে পেয়ে যায়। তবে এইসব নিয়ে আমি ভাবি না। এই সিনেমা না করেও আমি অন্য অনেক কাজ করেছি।’

মুক্তির দেড় দশক পেরিয়েও তাই ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল আসছে। কিন্তু এ নিয়ে হিরানি বরাবরের মতই চুপচাপ আছেন। এর মধ্যে কাজলের নতুন সিনেমা ‘মা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। মেয়েকে কালো জাদুর হাত থেকে বাঁচানোর জন্য একজন মা ঠিক কী কী করতে পারেন, সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়। অজয় দেবগন প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ২৭ জুন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন