২৪ঘণ্টা অনলাইন : ‘ডন থ্রি’ নিয়ে নানান জটিলতার মাঝে সুখবর শোনালেন নির্মাতারা। সিনেমায় নায়িকার চরিত্রে কৃতি শ্যানন অভিনয় করবেন বলে জানানো হয়েছে। প্রেগন্যান্সির কারণে কিয়ারা আদবানি ‘ডন থ্রি’-এর কাজ ছেড়েছিলেন। তার বদলে কে নায়িকা হবেন তা খুঁজতেই কালঘাম ছুটে গিয়েছিল পরিচালক ফারহান আখতারের। অবশেষে ‘ডন’-এর নায়িকা হচ্ছেন কৃতি। এই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘ফারহান আখতার তাঁর আগামী সিনেমার পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত।
ডন থ্রি শ্যুটিং ২০২৬-এর জানুয়ারি থেকেই শুরু হবে। যাতে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং ও কৃতি শ্যাননকে।’ ‘ডন’ হিসেবে কামব্যাক করতে চাননি শাহরুখ খান। তাই রণবীর সিংকে পরবর্তী ‘ডন’ হিসেবে বেছে নেন ফারহান আখতার। যদিও এই সিনেমার খলনায়কের চরিত্রে কে অভিনয় করবেন তা আপাতত ঠিক হয়নি। বিক্রম ম্যাসির খলনায়কের চরিত্রে অভিনয় করার কথা থাকলেও আপাতত সরে দাঁড়িয়েছেন তিনি। তাই খলনায়কের খোঁজ শুরু করেছেন নির্মাতারা। সূত্রের খবর, কোনও বড় তারকাকে দেখা যেতে পারে ‘ডন-থ্রি’র ভিলেন হিসেবে।
