শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া আহরণকালে ৪ জেলে আটক

প্রকাশিত - ২১ জুলাই, ২০২৫   ১০:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের সময় চার জেলে আটক হয়েছেন। রোববার দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের মরা খাজুরা খাল থেকে তাদের আটক করেন বনরক্ষীরা। আটক জেলেরা হলেন-রিপন (৩০), আলী রাজ (২৪), ফরিদ (২৬) ও মনির (৪০)। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে। সোমবার বিকালে আটক এসব জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণ করা জেলেদের আটক অভিযানে নেতৃত্বে থাকা সুপতি স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফয়সাল আলম জানান, রোববার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে মরা খাজুরা খালে অভিযান চালিয়ে একটি নৌকা দেখতে পান তারা। এসময় কাছে গিয়ে নৌকাসহ চার জেলেকে আটক করা হয়। জেলেদের নৌকা থেকে কাঁকড়া ধরা দুই শতাধিক চারু (বাঁশের তৈরি খাঁচা) এবং কাঁকড়া ধরার টোপ হিসেবে ব্যবহৃত ৫০ কেজি কেঁচো জব্দ করা হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে পর্যটকসহ মাছ, কাঁকড়া, মধু আহরণের পাস পারমিট বন্ধ রয়েছে। এই নিষিদ্ধ সময়ে কিছু অসাধু ব্যক্তি গোপনে বনে ঢুকে মাছ, কাঁকড়া আহরণ এবং হরিণ শিকারের অপচেষ্টা করছেন। নিষেধাজ্ঞা সময়ে গোপনে সুন্দরবনে প্রবেশ করে জেলেরা কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে গভীররাতে সুপতি স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...