শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আমরা সংগঠিত হয়ে জনগণের দাবি আদায় করব : নাহিদ

প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৫   ০৯:২৩ এএম
webnews24

২৪ঘণ্টা নরসিংদী প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। কিন্তু আমরা কোনো দাবি থেকেই সরে আসিনি। আমরা সংগঠিত হয়ে আবারও জনগণের দাবি আদায় করব।

গণ-অভ্যুত্থানের দাবিতে মানুষ নেমে এসেছিল। সন্ত্রাস-চাঁদাবাজদের দাবিতে আবারও ৩ আগস্ট শহীদ মিনারে একত্রিত হবে।’ ৩০ জুলাই বিকেলে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় নরসিংদী পৌরসভার সামনে এনসিপির আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নানা ষড়যন্ত্র, হামলার মাধ্যমে এনসিপিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয়গান হবেই। এ জন্য জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে।’ তিনি আরো বলেন, ‘ছাত্র উপদেষ্টা নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে। তারা নাগরিক পার্টির কেউ নয়।

তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি। তাদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এসবও রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।’ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথ সমাবেশে বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এর আগে দুপুর ২টায় শহরের বাসাইল এলাকায় নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে সেখান থেকে পদযাত্রায় অংশ নিয়ে বিকেল সাড়ে ৫টায় নরসিংদী পৌরসভার সামনে মঞ্চ সমাবেশে অংশ নেন তারা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন