২৪ঘণ্টা রংপুর প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়গুলো যৌন নিপীড়ন যেনো থামছেই না। বরং বাড়ছে। এবারের ঘটনাস্থল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এখানে যৌন হয়রানি অভিযোগে এক অধ্যাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শওকাত আলীর নির্দেশক্রমে ৩ আগস্ট রেজিস্ট্রার হারুন অর রশিদের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তাঁর বিভাগের একজন নারী শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্তক্রমে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ওই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত এপ্রিলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগের এক নারী শিক্ষার্থী প্রথমে ফেসবুকে বিভিন্ন স্ক্রিনশট দেন। পরে সহপাঠীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ জানান। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। গত জুলাইয়ে যৌন হয়রানি প্রতিবাদে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আন্দোলন করেন ও শিক্ষকদের অবরুদ্ধ করে ওই বিভাগে তালা ঝুলিয়ে দেন।
