২৪ঘণ্টা অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আজ বৃহস্পতিবার প্রকাশ করার কথা থাকলেও তা পারেনি নির্বাচন কমিশন (ইসি)। চার নির্বাচন কমিশনার ও ইসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের চার ঘণ্টার বৈঠকেও কর্মপরিকল্পনা চূড়ান্ত হয়নি। তবে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার এ রোডম্যাপ চূড়ান্ত হতে পারে।
২১ আগস্ট দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। ব্যস্ততার কারণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এতে অংশ নেননি। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বর্তমানে ভোটার নিবন্ধন কার্যক্রম তদারকিতে জাপানে আছেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, রোববার রোডম্যাপ নিয়ে ব্রিফিং হতে পারে। অপর কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অক্টোবরের মধ্যে সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন, আরপিও সংস্কার, আচরণবিধি জারি ও ভোটার তালিকা চূড়ান্ত করার প্রস্তুতি শেষ করতে চায় ইসি।
সূত্র জানায়, রোডম্যাপে সংলাপ, মতবিনিময়, ব্রিফিং, প্রশিক্ষণ, বাজেট বরাদ্দ, আইটি-ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল ও আন্তমন্ত্রণালয় বৈঠকসহ সব কার্যক্রমের সময়সূচি থাকবে। তফসিলের আগে ও পরে করণীয় বিষয় আলাদা চেকলিস্টে অন্তর্ভুক্ত করা হবে।
ইসি ইতিমধ্যে প্রায় ৪৬ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করেছে। আগামী ৩১ আগস্ট তালিকা চূড়ান্ত হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হবে, তারা সম্পূরক তালিকায় ভোটার হওয়ার সুযোগ পাবেন।
দল নিবন্ধনের জন্য ১২১টি আবেদন বাতিল করা হয়েছে। ২২টি দলের কার্যকারিতা নিয়ে মাঠপর্যায় তদন্ত চলছে। ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রকাশিত হয়েছে; শুনানি চলবে ২৪ থেকে ২৭ আগস্ট। এরপর চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর অন্তত ৪৪টি সংস্কার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেগুলো অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এছাড়া দল ও আচরণবিধিও অনুমোদন দিয়েছে ইসি।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড নিবন্ধন ও পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগ চলছে। প্রক্রিয়া চূড়ান্ত হলে কমিশন এ নিয়ে প্রচারণা শুরু করবে। ইসির পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনী সরঞ্জাম কেনাকাটার কাজ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা হবে।
