শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

রেখার বাবার চোখে কেমন ছিলেন অমিতাভ?

প্রকাশিত - ২২ আগস্ট, ২০২৫   ১২:৫৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত জুটি ছিল রেখা ও অমিতাভ বচ্চনের। বড় পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে বহুবার। তবে রিলের পাশাপাশি রিয়েল লাইফেও তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন লেগে ছিল বহু বছর। প্রকাশ্যে কেউই কখনও এ বিষয়ে মুখ খুলেননি।

অনেকে মনে করেন, অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের কারণে রেখা ব্যক্তিগত জীবনে কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। কারও-কারও দাবি, সেই কারণে তিনি আর কখনও বিয়ে করেননি। ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিলসিলা’ ছবির পর তারা আর কখনও একসঙ্গে পর্দায় দেখা দেননি।

সম্প্রতি ভাইরাল হয়েছে রেখার বাবার, জেমিনি গণেশন-এর এক পুরোনো সাক্ষাৎকার। এতে তিনি মেয়ের জীবন ও তার সিদ্ধান্ত নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি জানিয়েছেন।

জেমিনি গণেশন বলেন, “অনেকে আমাকে বলেন, অমিতাভের সঙ্গে জড়িয়ে রেখা ওর ব্যক্তিগত জীবন নষ্ট করেছে। কিন্তু আমি কখনও ওর ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তে নাক গলাই না। কেনই বা এসব জানতে চাইব?” তিনি আরও যোগ করেছেন, “আমি যখন সাবিত্রী ও পরে পুষ্পাভল্লিকে বিয়ে করি, তখন পুরো ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনা হয়েছিল। এখনকার দিনে এসব আর এত আলোচনার বিষয় নয়। এক অর্থে, ইন্ডাস্ট্রিতে এই ধরনের সম্পর্কের ট্রেন্ডসেটার আমি।”

রেখার ব্যক্তিগত জীবন ছোটবেলা থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ১৯৫৪ সালে তিনি জন্ম নেন জেমিনি গণেশন ও পুষ্পাভল্লির পরিবারে। জন্মের সময় পুষ্পাভল্লির প্রথম স্বামী ছিলেন, আর গণেশন তখন সাবিত্রীর সঙ্গে বিবাহিত ছিলেন। পরবর্তী সময়ে রুপালি পর্দায় পদার্পণ ও অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্ক আরও আলোচনার জন্ম দেয়।

রেখার বিবাহের কথা বলতে গেলে, ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগারওয়াল-এর সঙ্গে বিয়ে হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের কয়েক মাসের মধ্যেই মুকেশ আত্মহত্যা করেন। এরপর রেখা আর কখনও বিয়ে করেননি।

অমিতাভ বচ্চন ১৯৭৩ সালে জয়া বচ্চনকে বিয়ে করেন। সংসারে আসে পুত্র অভিষেক ও কন্যা শ্বেতা। তবে রেখার সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ততদিনও থামেনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন