রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

জনপ্রিয় নায়িকা এখন জ্যোতিষী

প্রকাশিত - ২৪ আগস্ট, ২০২৫   ১২:৩৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সত্তরের দশকের শুরুতে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন অভিনেত্রী টিউলিপ জোশি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০০২ সালে বলিউডে অভিষেক ঘটে তার। বলিউডের এই গ্ল্যামারাস অভিনেত্রীকে আবিষ্কার করে যশরাজ ফিল্মস। উদয় চোপড়া, সালমান খান, শহিদ কাপুর, মাম্মতির মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন; উপহার দিয়েছেন দর্শকপ্রিয় সিনেমা। এক দশকের বেশি সময় ধরে রুপালি জগত থেকে দূরে রয়েছেন অভিনেত্রী টিউলিপ। কোথায় আছেন, কী করছেন এই অভিনেত্রী?    

ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন টিউলিপ জোশি। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সিনেমাটির গানগুলো বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে টাইটেল গানটি। এই সিনেমায় টিউলিপ জোশির সঙ্গে উদয় চোপড়া, জিমি শেরগিলও অভিনয় করেন। সিনেমাটি সফল হলেও টিউলিপ জোশির ক্যারিয়ার তেমন আগায়নি। পরবর্তীতে ‘মাতৃভূমি’, ‘দিল মাঙ্গে মোর’, ‘জয় হো’ এর মতো অনেক সিনেমায় কাজ করেন টিউলিপ। কিন্তু এই তিনটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। 

ব্যর্থ টিউলিপ পা বাড়ান দক্ষিণে
টানা তিনটি সিনেমা ফ্লপ হওয়ার পর, টিউলিপ জোশি দক্ষিণী সিনেমার দিকে ঝুঁকে পড়েন। কন্নড়, পাঞ্জাবি, তেলেগু ও মালায়ালাম ভাষার সিনেমাতেও কাজ করেন। তাকে শেষবার দেখা যায় ‘জয় হো’ সিনেমায়। এটি ২০১৪ সালে মুক্তি পায়। সালমান খান অভিনীত এই সিনেমায় ক্যামিও চরিত্র অভিনয় করেন টিউলিপ।

টিউলিপের ঘর-সংসার
ব্যক্তিগত জীবনে ক্যাপ্টেন বিনোদ নায়ারকে বিয়ে করেছেন টিউলিপ। ১৯৮৯-১৯৯৬ সাল পর্যন্ত পাঞ্জাব রেজিমেন্টের ১৯তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন নায়ার। তিনি একজন কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন। ‘প্রাইড অব লায়নস’ নামে জনপ্রিয় একটি উপন্যাসও রচনা করেছেন টিউলিপের স্বামী।

টিউলিপ এখন কী করেন?
গত ১০ বছর ধরে গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটা দূরে জীবনযাপন করছেন টিউলিপ জোশি। ২০০৭ সালে স্বামীকে নিয়ে এ অভিনেত্রী প্রতিষ্ঠা করেছেন ‘কিমি কনসালটিং’। এই সংস্থা পরিচালান করছেন তারা। একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি, টিউলিপ একজন জ্যোতিষীও। অভিনেত্রীর ওয়েবসাইট অনুযায়ী, বহু বছর ধরে বৈদিক জ্যোতিষ ও জীবনধারা পরামর্শবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন টিউলিপ।  

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন