আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদলের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনাসহ ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ২৪তম বিসিএসের কর্মকর্তাদের সরিয়ে ২৭ ও ২৮তম বিসিএসের কর্মকর্তাদের ডিসি পদে আনার পরিকল্পনা চলছে। যোগ্য কর্মকর্তা বাছাইয়ের জন্য ফিটলিস্ট তৈরি হচ্ছে, শিগগিরই আরও কয়েক জেলায় পরিবর্তন আনা হবে।
সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, নির্বাচনের আগে আরও নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব কারা পাবেন, তা তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন নির্ধারণ করবে। তিনি সতর্ক করে বলেন, ভোটের দায়িত্বপ্রাপ্ত কেউ পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
