শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজা উপলক্ষে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ চালু

প্রকাশিত - ৩০ সেপ্টেম্বর, ২০২৫   ০৯:১৫ পিএম
webnews24
নিজেস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ‘শারদীয় সুরক্ষা’ নামের বিশেষ অ্যাপ চালু করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থাটির নিজস্ব কারিগরি দক্ষতা ও জনবল ব্যবহার করে অ্যাপটি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার তেজগাঁওয়ে এনটিএমসির প্রধান কার্যালয়ে অ্যাপটির কার্যক্রম নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা। সভায় এনটিএমসির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে যেকোনো পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি- যেমন প্রতিমা ভাঙচুর, মণ্ডপে প্রবেশে বাধা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানি ও গুজব- তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা যাবে। মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা আনসার সদস্যরা অ্যাপ ব্যবহার করে ঘটনাগুলো জানালে দ্রুততম সময়ে সংশ্লিষ্ট থানা ও নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিতে পারবে।

এনটিএমসির মহাপরিচালক বলেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, র‌্যাব, কোস্ট গার্ড, বর্ডার গার্ড, এনএসআই, এসবি ও ডিজিএফআইসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত প্রায় এক হাজার কর্মকর্তা মনিটরিংয়ে যুক্ত আছেন।

অ্যাপটি বাস্তবায়নে ‘শারদীয় সুরক্ষা কো-অর্ডিনেশন সেল’ গঠন করা হয়েছে। পাশাপাশি গুজব প্রতিরোধ সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো যেকোনো তথ্যের সত্যতা যাচাই করছে। সর্বশেষ তথ্যমতে, প্রায় ৮৪ হাজার ব্যবহারকারী অ্যাপটিতে সক্রিয়ভাবে কাজ করছেন। এ বছর দেশের ৩১ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে দুই লক্ষাধিক আনসার সদস্য নিরাপত্তা দায়িত্বে আছেন। এর মধ্যে প্রায় ৮০ হাজার সদস্য সরাসরি অ্যাপে সংযুক্ত। এছাড়া বিভিন্ন বাহিনীর আরও আড়াই হাজার সদস্য রেসপন্ডার হিসেবে কাজ করছেন।

অ্যাপটির মাধ্যমে মাঠ থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত পূজামণ্ডপের পরিস্থিতি তাৎক্ষণিক নজরদারিতে আনা সম্ভব হচ্ছে। এনটিএমসির প্রত্যাশা, এই প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন