শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সোয়া ১ কোটি টাকা নিয়ে লাপাত্তা পাকশি জনতা ব্যাংকের ম্যানেজার

প্রকাশিত - ০৭ অক্টোবর, ২০২৫   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী শাখার জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন। রোববার ব্যাংকের দুই শাখা থেকে নিজ শাখার জন্য রেমিটেন্স এর মাধ্যমে নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ মেলেনি।এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা, স্থানীয় প্রশাসন ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাতেই ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জনতা ব্যাংক ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক জিডিতে উল্লেখ করেন, রোববার সকাল ১১টা ১৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। পরে সকাল ১১টা ৩৫ মিনিটে ঈশ্বরদী কর্পোরেট শাখা থেকে পাকশী শাখার জন্য আরও ১ কোটি টাকা নগদ নেন। টাকা হস্তান্তরের সময় তার সঙ্গে আনসার সদস্য মাহবুব ও গাড়িচালক ইসমাইল হোসেন ছিলেন।

সকাল ১১টা ৪৫ মিনিটে তারা প্রাইভেট কারযোগে পাকশীর উদ্দেশে রওনা দেন। কিন্তু এরপর থেকে খালেদের ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি শাখায় ফেরেননি। আনসার সদস্য মাহবুব জানান, ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছে খালেদ তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে একাই গাড়ি নিয়ে চলে যান।

খালেদের স্ত্রী দিলরুবা বেগম জানান, প্রতিদিনের মতো সেদিনও তিনি ব্যাংকে গিয়েছিলেন। বিকেলে কর্মকর্তারা বাসায় এসে তার নিখোঁজ হওয়ার খবর দিলে তারা বিষয়টি জানতে পারেন। তিনি স্বেচ্ছায় গেছেন নাকি কেউ তাকে গুম করেছে, তা পরিবার নিশ্চিত নয়।

জনতা ব্যাংক রাজশাহী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। তদন্ত চলছে এবং আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, “ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...