শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

প্রকাশিত - ১৯ অক্টোবর, ২০২৫   ০৭:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আলুর ভান্ডার বলে খ্যাত নীলফামারীর কিশোরগঞ্জে এখন মাঠজুড়ে আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ভালো দামের আশায় মাঠের পর মাঠ উঁচু সমতল জমিতে আগাম জাতের অর্থাৎ (৫৫-৬০ দিনে) সেভেন জাতের আলুর বীজ রোপণ  করছেন স্থানীয় কৃষকরা। মৌসুমের প্রথম দিকে ৫৫-৬০ দিনের মধ্যে আলু উৎপাদন হলে ভালো দাম পাওয়া যাবে এমনটাই আশা ওই এলাকার কৃষকদের। এবার আবহাওয়া অনুকূলে থাকায় আগাম ধান কেটে মাঠে সেভেন জাতের আলুসহ গ্র্যানুল্যা, সাকিতা, কারেজ ও জামপ্লাস আলু রোপণ করছে কৃষক।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, স্বল্পমেয়াদী আউশ, আগাম জাতের ধান কাটা, মাড়াই শেষ করে সেই জমিতে সেভেন জাতের আলু রোপণের জন্য হিমাগার থেকে বীজ সংগ্রহ, হাল চাষ, আগাছা পরিষ্কার, সেচের জন্য ক্যানেল তৈরি ও জৈবসার প্রয়োগ করছেন তারা।

আবহাওয়া অনুকূলে থাকলে এক কেজি নতুন আলু বাজারে ৮০-১০০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে। বাজারে চাহিদাও থাকে প্রচুর। ঢাকার বিভিন্ন বাজার থেকে বড় বড় পাইকারি মহাজনরা এসে আগাম বায়না করে যান। পরে মাঠ থেকে ট্রাকে করে নিয়ে যায় ব্যবসায়ীরা। এককেজি আলু উৎপাদনে খরচ হয় ৩৫-৪০ টাকা আর এককেজি নতুন আলু বিক্রি হবে ৮০-১০০ টাকা। এতে প্রতি কেজিতে লাভ হবে ৫০-৬০ টাকা।

কৃষিনির্ভর উত্তরের জেলা নীলফামারীর অন্যতম হলো কিশোরগঞ্জ উপজেলা আলু চাষের ভান্ডার বলে সারা দেশে পরিচিত। এখানকার মাটি দোআঁশ ও বেলে দোআঁশ হওয়ায় বিভিন্ন ফসলের চাষ করা হয়। এর মধ্যে আলু একটি উল্লেখযোগ্য ফসল। এখানকার জমি উঁচু ও বালু মিশ্রিত হাওয়ায়, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হলে আগাম আলু চাষে তেমন কোনও লোকসানের ভয় থাকে না। বাজারে চড়া দাম পেলে আলু বিক্রি করে গত বছরের লোকসান পুষিয়ে নিয়ে লাভবান হওয়া যাবে।

কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা  বলেন, চলতি মৌসুমে তিন হাজার ৪৩০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত ৩৫ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছে। আগাম জাতের ধান কেটে কৃষকেরা আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়াও বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় উঁচু বেলে, দোঁআশ ও দোঁআশ মাটিতে আলু চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর রহমান জানান, এ পর্যন্ত জেলার কিশোরগঞ্জে প্রায় ৩৫ হেক্টর জমিতে আগাম জাতের আলু মাঠে রোপণ করেছে কৃষক। ফলে আলুর ভান্ডার বলে পরিচিত কিশোরগঞ্জ। গত বছর জেলায় ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুর চাষের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এবার চলতি মৌসুমে আগামজাতের আলু ৮ হাজার হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে কাজ করছে কৃষি বিভাগ।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...