শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পালকি চড়ে পূজা এলেন, বরণ করলেন চঞ্চল-নিশো

প্রকাশিত - ২৯ অক্টোবর, ২০২৫   ১২:১৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : চার বেহারার কাঁধে দুলছে পালকি। হারিয়ে যাওয়া বাঙালির ঐতিহ্যের স্মারক পালকিতে চড়ে হাজির হলেন চিত্রনায়িকা পূজা চেরি। তার পরনে লাল শাড়ি, একেবারে নববধূ সাজে মন ভোলানো উপস্থিতি। অন্যদিকে, তাকে বরণের জন্য দাঁড়িয়ে আছেন দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। মুহূর্তেই যেন পুরো পরিবেশ ভরে উঠল সিনেমার দৃশ্যের মতো এক বাস্তব আবহে। 

এটি কোনো বিয়ের আয়োজন নয়—এ দৃশ্য ছিল রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠানে। দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন এই নির্মাতা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া সিনেমাটির মহরত বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে। 

এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো—ঘোষণার পর থেকেই শোবিজপাড়ায় ছিল তুমুল কৌতূহল, “নায়িকা কে হচ্ছেন?” গুঞ্জনে একসময় ভেসে আসে মেহজাবীন চৌধুরীর নামও। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল, চঞ্চল-নিশোর সঙ্গী হচ্ছেন পূজা চেরি। 

রেদওয়ান রনি জানান, বাস্তব জীবনের একটি ঘটনাকে উপজীব্য করে তৈরি হচ্ছে ‘দম’। রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেলে ভিন্ন ঘরানার এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে।  

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শুধু বাংলাদেশেই নয়, সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং। গ্ল্যামার, গল্প আর গুণের মিশেলে ‘দম’-এর এই পালকিযাত্রা যেন ইতিমধ্যেই দর্শকের মনে কৌতূহল জাগিয়েছে। চঞ্চল-নিশো-পূজার নতুন রসায়ন বড় পর্দায় কেমন দম দেবে, সেটাই এখন অপেক্ষার বিষয়।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন