২৪ঘণ্টা অনলাইন : গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে। ১২ ডিসেম্বর সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ হাদিকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে।
আসন্ন নির্বাচনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর দুপুরে বিজয়নগরে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, ‘হাদির মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করা হয়েছে। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজের মুখপত্র বলেন, ‘পরিবারের সম্মতিতেই তাঁকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাঁকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।’
সিসিটিভি ফুটেজে যা দেখা গেছে
১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে এই হামলার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মতিঝিলের দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি তার বাম চোয়ালে লাগে। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে কালো মোটরবাইকে আসা অজ্ঞাত এক ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশ বলছে, আরও ফুটেজ সংগ্রহ ও হামলাকারীদের শনাক্তে কাজ চলমান রয়েছে।
ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব এবং জামায়াতের আমির। ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ঢামেকে তোপের মুখে মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একই আসনের বিএনপি–মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তবে সেখানে পৌঁছেই তোপের মুখে পড়েন তিনি।
১২ ডিসেম্বর বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধরা মির্জা আব্বাসের দিকে তেড়ে যান। সরেজমিনে দেখা যায়, স্লোগান ও উত্তেজনার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছিলেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় করে যাওয়ার সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে হাদির ওপর গুলি চালায়। তার বাম কানের নিচে গুলি লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়। এরপর ওসমান হাদিকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন আছেন তিনি।
হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা খুব গুরুতর। তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তার সঙ্গে থাকা সহযোগীরা বলেছেন, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পরই তারা দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে হাদির সহযোগী ও ইনকিলাব মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় করতে দেখা যায়।
ইনকিলাব মঞ্চের সদস্য মো. সারোয়ার বলেন, হাদি ভাই ও আমরা প্রতি শুক্রবার ঢাকা-৮ আসনের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট মসজিদগুলোতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালাই। আজও বিজয়নগর এলাকার বেশ কয়েকটি মসজিদের তালিকা করা হয়েছিল। হাদি ভাই তালিকাটি আমাদের দিয়ে বলেন- তোমরা প্রচারণা চালাও, আজকের প্রচারণা শেষে আমরা একসঙ্গে লাঞ্চ করবো। আর আমি আরেকটি মসজিদে যাচ্ছি, সেখানে তোমাদের আসার প্রয়োজন নেই। তোমরা আইসো না। সকাল সাড়ে ১১টায় এটাই ছিল আমাদের শেষ কথা।
আরেক সদস্য ইসরাফিল বলেন, হাদি ভাই রিকশায় ছিলেন। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। বিস্তারিত কিছু বলতে পারবো না। হাদি ভাই চিকিৎসাধীন, আমরা শুনেছি তার অপারেশন চলছে। সবার কাছে দোয়া চাই।
