২৪ঘণ্টা অনলাইন : জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা বৈষম্যহীন সমাজ ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন অরাজনৈতিক প্ল্যাটফর্ম 'অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন [এআইএম]। ২৪ জানুয়ারি শনিবার জাতীয় প্রেস ক্লাবে বেলা ১২টায় এই সংগঠনের আত্মপ্রকাশের কথা ও ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক আয়াতুল্লাহ বেহেস্তি।
জুলাই যোদ্ধাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব নর্থ সাউথ ইউনিভার্সিটির শেখ নাজমুস সাকিব, মাহমুদ হাসান তালুকদার রাফি, হাবিবুর রহমান, শিহাব হাসান, রাকিব হাসান মাহিন, ফাহমিদুর রহমান ও মিনহাজুল ইসলাম প্রমুখ।
আহ্বায়ক আয়াতুল্লাহ বেহেস্তি একটি সুনির্দিষ্ট রূপরেখা পেশ করে বলেন, বিপ্লবীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ায় শহীদ ও আহতদের সংশোধিত গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি, সাগর-রুনি হত্যা এবং ২০১৩ সালের শাপলা চত্বর গণহত্যার ন্যায়বিচারের দাবি তোলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে তাঁদের দায়িত্ব পালনের সময়ের জবাবদিহিমূলক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে শিক্ষা ঋণ, সাশ্রয়ী আবাসন এবং মেধার ভিত্তিতে কর্মসংস্থানের বিশেষ কর্মসূচি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং ঋণখেলাপিদের আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।
সংগঠনের সদস্য সচিব শেখ নাজমুস সাকিব জানায়, জুলাই বিপ্লব কোনো আকস্মিক ঘটনা ছিল না; এটি ছিল দীর্ঘদিনের বৈষম্য ও রাষ্ট্রীয় জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক জাগরণ। তবে বিপ্লবের ১৮ মাস অতিবাহিত হলেও মৌলিক সংস্কার দৃশ্যমান না হওয়ায় এবং বিপ্লব কোনো নির্দিষ্ট গোষ্ঠী কুক্ষিগত করার শঙ্কা থেকে এই প্ল্যাটফর্মের জন্ম হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-জনতার সমন্বয়ে এই সংগঠনটি গঠিত হয়েছে।
অনুষ্ঠানে ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’ [এআইএম]-র কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়াতুল্লাহ বেহেস্তিকে আহ্বায়ক এবং একই বিশ্ব বিদ্যালয়ের শেখ নাজমুস সাকিব সদস্য সচিব করে ৩০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের জারিব হোসেন, মাহমুদুল হাসান মঈন, মেহেদী হাসান জীবন এবং শাহ জাইন, নর্থ সাউথ ইউনিভার্সিটির মাহমুদ হাসান তালুকদার রাফি, শিপন চৌধুরী, ইউশা গালিব, ইস্তিয়াক রায়হান, খন্দকার স্বাধীন, হাবিবুর রহমান এবং আসানুল হক সোহান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিহাব হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাকিব হাসান মাহিন, গ্রিন ইউনিভার্সিটির ইবনে শামস আদনান, সাউথ এশিয়া ইউনিভার্সিটির আকরাম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিদওয়ানুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফাহমিদুর রহমান এবং মিনহাজুল ইসলাম।
