শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

অ্যানিম্যাল এর সিক্যুয়েল কবে আসছে

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৬   ০৫:১৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : রণবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিম্যাল’ মুক্তির পর থেকেই এর পরবর্তী কিস্তি নিয়ে দর্শকদের মাঝে জল্পনা-কল্পনার শেষ নেই। বড় পর্দায় রণবীরের বিধ্বংসী রূপ দেখার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন; জানতে চাইছেন কবে আসবে এর সিক্যুয়েল। অবশেষে দীর্ঘদিনের সেই আকাঙ্ক্ষার অবসান ঘটিয়ে ‘অ্যানিম্যাল’ এর সিক্যুয়েল অর্থাৎ ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে নতুন তথ্য দিলেন অভিনেতা নিজেই। 

সিনেমাটির পরবর্তী ধাপ নিয়ে রণবীর কাপুর জানান, ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে যেসব আলোচনা চলছে তা কোনো গুজব নয়। মূলত সিনেমার শুটিং চলাকালীনই পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মাথায় এর সিক্যুয়েলের ভাবনা ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই প্রথম পর্বের শেষ দৃশ্যে ‘অ্যানিম্যাল পার্ক’ নামটি দেখানো হয়েছিল, যেন দর্শকদের মধ্যে কৌতূহল বজায় থাকে। সিক্যুয়েল নিশ্চিত হলেও এখনই এর শুটিং শুরু হচ্ছে না। বর্তমানে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা অন্য একটি বড় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সেই কাজ শেষ হওয়ার পরই ‘অ্যানিম্যাল পার্ক’-এর প্রস্তুতি শুরু হবে। ফলে শুটিং ফ্লোরে গড়াতে সিনেমাটির আরও কিছুটা সময় লাগবে বলে জানা গেছে। সেক্ষেত্রে বড় পর্দায় সিনেমাটি আসাটাও একটু সময় সাপেক্ষ।

এবারের কিস্তিতে দর্শকদের জন্য বড় চমক হিসেবে থাকতে পারে রণবীরের দ্বৈত চরিত্র। শোনা যাচ্ছে, ‘অ্যানিম্যাল পার্ক’-এ রণবীরকে একই সঙ্গে নায়ক এবং এক ভয়ংকর খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে। এই দ্বৈত চরিত্র সিনেমার গল্পে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে দারুণ ব্যবসা করলেও এর সহিংসতা ও বিভিন্ন দৃশ্য নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তবে বিতর্ক ছাপিয়ে দর্শকদের মাঝে সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তার কারণেই নির্মাতারা এখন এর দ্বিতীয় পর্ব নির্মাণের পথে হাঁটছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন