রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সুদান ও সোমালিয়া

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৬   ০২:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বিশ্বের ১৮২টি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া। দুর্নীতির ধারণা সূচকের (সিপিআই) ১০০ স্কোরের মধ্যে তারা পেয়েছে মাত্র ৯।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা। তৃতীয় ইয়েমেন, লিবিয়া ও ইরিত্রিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। ১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৫ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, সিপিআই ২০২৫ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৪। এ বছর স্কোর গত বছরের তুলনায় বেশি হলেও চৌদ্দ বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৬ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন স্কোর ও অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের স্কোর ও অবস্থান দ্বিতীয় সর্বনিম্ন।

টিআইবির প্রতিবেদন অনুসারে, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে নিকারাগুয়া ও সুদান; পঞ্চম অবস্থানে ১৫ স্কোর নিয়ে যৌথভাবে ইকোয়েটরিয়াল গিনি, উত্তর কোরিয়া ও সিরিয়া; ৬ষ্ঠ স্থানে ১৬ স্কোর নিয়ে আফগানিস্তান, হাইতি ও মিয়ানমার; ১৭ স্কোর নিয়ে ৭ম স্থানে বুরুন্ডি ও তুর্কিমেনিস্তান; ১৯ স্কোর নিয়ে ৮ম স্থানে রয়েছে তাজাকিস্তান; ২০ স্কোর নিয়ে ৯ম স্থানে কম্বোডিয়া ও কঙ্গো এবং ২১ স্কোর নিয়ে ১০ অবস্থানে গিনি-বিসাউ ও মোজাম্বিক।

১৯৯৫ সাল থেকে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর এই সূচক প্রকাশ করে। ২০০১ সালে বাংলাদেশ প্রথম তালিকাভুক্ত হয়। তখন এ তালিকায় মোট ৯১টি দেশ ঠাঁই পায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন