শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী : তারেক রহমান

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:১৫ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোট দেন।

সকাল সাড়ে ৯টার পর রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি এবং আমার দল বিএনপি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

দীর্ঘদিন পর ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করে তারেক রহমান বলেন, “বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করেছেন। মানুষ যদি সারাদিন কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে।”

সারা দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, যা আশাব্যঞ্জক। তবে ভোটের পরিবেশ নিয়ে এখনই মন্তব্য করা সমীচীন হবে না বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের যথাযথ মূল্যায়ন ছাড়া উন্নয়ন সম্ভব নয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন