শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

একই সিনেমায় রজনীকান্ত ও শাহরুখ খান

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের দুই মহাতারকা রজনীকান্ত ও শাহরুখ খান। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার টু’-তে এই দুই মহারথীকে একসঙ্গে দেখা যাবে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আগামী মার্চ মাসেই রজনীকান্তের এই সিনেমার শুটিংয়ে অংশ নিতে পারেন শাহরুখ খান। জানা গেছে, সিনেমাটির শাহরুখের অংশের শুটিংই শুধু বাকি রয়েছে, যা সম্পন্ন করতে ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে। এই অংশে কাজ শেষ হলেই সিনেমার পুরো শুটিং পর্ব সমাপ্ত হবে বলে ধারণা করা হচ্ছে। রজনীকান্তের এই সিনেমায় শাহরুখকে মূলত একটি বিশেষ ও প্রভাবশালী চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে রজনীকান্ত ও শাহরুখের উপস্থিতির খবরটি প্রথম প্রকাশ্যে আনেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘জেলার টু’ সিনেমায় রজনীকান্ত ও তার পাশাপাশি মোহনলাল, রম্য কৃষ্ণন, শিবা রাজকুমার এবং শাহরুখ খানকেও দেখা যাবে। মূলত শাহরুখকে এখানে একটি ‘ক্যামিও’ বা অতিথি চরিত্রে দেখা যাবে। এছাড়া সিনেমাটিতে বিদ্যা বালানও অভিনয় করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।

চেন্নাইতে ‘জেলার টু’ সিনেমার প্রথম ভাগের শুটিং শুরু হয়েছিল এবং সেখানে রজনীকান্ত তার ৭৫তম জন্মদিন উদযাপন করেছিলেন। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে সিনেমাটিতে প্রচুর অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে। যদিও এই প্রজেক্ট নিয়ে রজনীকান্ত বা শাহরুখ খান এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন