শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

অনেক নায়কই আমাকে চান না

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৬   ১২:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। তিনি শুধু সিনেমার জন্যই নয়, বরং সাহসী ও স্পষ্টভাষী স্বভাবের জন্যও পরিচিত। তাপসী প্রায়ই সরাসরি কথা বলেন এবং নিজের মতামত প্রকাশ করতে ভয় পান না, যা তাকে অন্যদের তুলনায় আলাদা পরিচিতি দিয়েছে। তিনি রোমান্টিক, অ্যাকশন ও সামাজিক বার্তামূলক সিনেমায় অভিনয় করে দর্শক এবং সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছেন।

তাপসী সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেছেন নিজের কর্মজীবনের কিছু দিক নিয়ে। ‘দ্য রাইট অ্যাঙ্গেল উইথ সোনাল কারলা’-এর নতুন পর্বে তিনি জানান, সরাসরি কথা বলায় কখনো কখনো কাজের সুযোগ হাতছাড়া হয়েছে। তিনি বলেন, ‘আমি সবসময় সরাসরি কথা বলি এবং নিজের মত প্রকাশ করতে দ্বিধা করি না। কখনো কখনো এ কারণে মানুষ মনে করে আমি “কঠিন মানুষ”। তবে প্রকৃতপক্ষে, যারা আমার সঙ্গে কাজ করেছেন, তারা পুনরায় আমাকে নিয়েছেন। এটা প্রমাণ করে যে আমি কাজের ব্যাপারে সহজ। কেউ যদি বলে আমি “কঠিন”, তবে তারা সম্ভবত আমাকে চেনেন না বা আমার প্রকৃত স্বভাব জানেন না।’

তাপসী আরো বলেন, ‘কখনো কখনো নায়করা চান না যে আমি ছবিতে থাকি। সাধারণত হিরোই সিদ্ধান্ত নেন, বিশেষ করে যদি পরিচালক স্টার না হন। উদাহরণস্বরূপ, রাজু স্যার আমাকে ‘ডুংকি’ সিনেমায় ছবিতে চান। অনেকের কাছে এটা চমক, কারণ আমি সাধারণ রুটিনের ছবির নায়িকা নই বা শাহরুখ স্যারের নিয়মিত জুটি নই। কিন্তু পরিচালক নিশ্চিত ছিলেন যে তারা আমাকে চান।’

অভিনেত্রীর মতে, তিনি খুব সামাজিক নন, তাই নিজেকে বেশি প্রকাশ করতে পারতেন না। তিনি বিশ্বাস করেন, কাজের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করাই সঠিক পথ। অভিনয়ে তিনি এমন চরিত্র বেছে নেন, যেগুলোয় বাস্তব গল্প ও শক্তিশালী নারীর চরিত্র থাকে। পাশাপাশি তিনি জীবনধারায় সে বাস্তবতা ধারণ করতে বিশ্বাস করেন।

তাপসীর সর্বশেষ সিনেমা ‘আসসি’ ২০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। এ ছবি নাটকের ধাঁচের এবং এরই মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। এটি পরিচালনা করেছেন অনুভব সিং। তাপসী পান্নু শুধু দক্ষ অভিনেত্রীই নন, বরং নিজের মত প্রকাশে সাহসী ও সৎ একজন তারকা। এ সাক্ষাৎকারের মাধ্যমে তিনি দেখিয়েছেন, হিরো বা মিডিয়ার রায়ের প্রতি নির্ভর না করে নিজের কাজ এবং যোগ্যতার ওপর ভরসা রাখা সম্ভব। এ দৃষ্টিভঙ্গি তাকে বলিউডে আরো স্বতন্ত্র করে তুলেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন