রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

বিজয়-রাশমিকার মহতী উদ্যোগ, ৪৪টি সরকারি স্কুলে মেধাবৃত্তির ঘোষণা

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৬   ১১:৫১ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দানা। তবে নিজেদের জীবনের এই বিশেষ মুহূর্তটিকে কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারা বেছে নিয়েছেন জনকল্যাণের পথ। 

বিয়ের রেশ কাটতে না কাটতেই এই তারকা দম্পতি তাদের পৈতৃক গ্রামের ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ মেধাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছেন। হায়দরাবাদের অদূরে তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলার আচামপেট বিভাগে এই মহতী উদ্যোগের কথা জানান বিজয়। ‌‌‘দেবেরকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’-এর মাধ্যমে এই বৃত্তি পরিচালিত হবে। এর আগে এই দম্পতি দেশের বিভিন্ন প্রান্তের মন্দিরে অন্নদান এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে তাদের বিয়ের আনন্দ ভাগ করে নিয়েছিলেন। 

রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে এই দম্পতি বিজয়ের আদি বাড়ি থুমমানাপেটায় ফিরে ‘গৃহ প্রবেশ’ ও ‘সত্যনারায়ণ পূজা’ সম্পন্ন করেন। সেখানেই গ্রামবাসীর উচ্ছ্বাসের মাঝে শিক্ষার প্রসারে এই বড় পদক্ষেপের কথা জানান তারা।মঞ্চে যখন বিজয় এই ঘোষণা দিচ্ছিলেন, তখন তার পাশে ছিলেন স্ত্রী রাশমিকা মান্দানা এবং মা মাধবী দেবেরকোন্ডা। 

প্রিয় তারকাদের কাছ থেকে এমন উপহার পেয়ে খুদে শিক্ষার্থীদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। গত ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটি আজ ৪ মার্চ সন্ধ্যায় হায়দরাবাদে একটি রাজকীয় বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছেন বলে জানা গেছে। যেখানে বিনোদন জগতের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র: পিঙ্কভিলা

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন